Left-ISF: ভেস্তে যেতে পারে বাম-আইএসএফের আসন সমঝোতা? অবস্থান স্পষ্ট করলেন সেলিম - 24 Ghanta Bangla News
Home

Left-ISF: ভেস্তে যেতে পারে বাম-আইএসএফের আসন সমঝোতা? অবস্থান স্পষ্ট করলেন সেলিম

Spread the love

Left-ISF: ভেস্তে যেতে পারে বাম-আইএসএফের আসন সমঝোতা? অবস্থান স্পষ্ট করলেন সেলিম

কলকাতা: পাকা হয়েও ভেস্তে যেতে চলেছে বাম-আইএসএফ জোট? আরাবুল প্রশ্নেই এবার আড়াআড়ি বিভক্ত দুই দল। সোজা কথায়, এককালের তৃণমূলের ‘তাজা নেতা’ আরাবুলকে কোনওভাবেই এবারের ভোটের প্রার্থী হিসাবে মানতে পারছেন বাম নেতারা। বিতর্ক-চাপানউতোর-জল্পনার মধ্যে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তো বলেই দিলেন, “যাঁঁকে আমরা পরাস্ত করব তাঁকেই বগলদাবা করব সেটা কোনও সুস্থ রাজনীতি হতে পারে না। সিপিআইএম, বামফ্রন্ট এতে সায় দেয় না।” তাহলে এবার কী করবে আইএসএফ? আসন সমঝোতা ছেড়ে বেরিয়ে আসবে নাকি নতুন ভাবনা?  

সেলিম যদিও তৃণমূল-বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়িয়ে বলছেন, “গত ১৫ বছর ধরে যাঁরা ঘর জ্বালিয়েছে, মানুষ খুন করেছে, এমনকী পঞ্চায়েত নির্বাচনের সময় আইএসএফ কর্মীকেও খুন করেছে। সেখানে নির্বাচনের সময় রাতারাতি একদল থেকে আর এক দলে গেলে মানুষের লাভ হয়, ভোটারদেরও লাভ হয় না।” এরপরই সহযোগী দলগুলির উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শও দিতে দেখা যায় সিপিএমের রাজ্য সম্পাদককে। বলেন, “রাজনীতিতে যে জঞ্জাল আছে আমরা সেটা অপসারণ করছি। জঞ্জাল কখনও একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। এখানে কোনও বিজেপি তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই। যেখানে একদিকে চোর-ডাকাত ঢোকাবে অন্যদিকে সাধু হয়ে বেরিয়ে আসবে। কখনও এটা হতে পারে না। সেটা আমরা জানিয়ে দিয়েছি। রাজনীতিতে নীতি নৈতিকতা আছে। সিপিএম যেমন কোনও রিসাইকেল বিন হতে চায় না, তেমনই সহযোগীদের বলছি রিসাইকেলবিন হবেন না।” 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ২৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। অন্যদিকে বামেরা চতুর্থ পর্যায়ে আরও ৭ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখনও পর্যন্ত মোট ২৪৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। বেশ কয়েক আসনেই আবার সমঝোতা করেও আইএসএফের সঙ্গে ‘ক্ল্যাশ’ হচ্ছে বামফ্রন্টের। সেলিম যদিও বলছেন, “অনেকদূর এগিয়েছি। অনেককে ত্যাগ স্বীকার করতে হয়। বৃহত্তর ঐক্যের প্রয়াস আমরা চালিয়ে যাব। ঐক্যস্থাপন হবেই। এই আশা করি।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *