‘আমরা VIP, লাইনে দাঁড়াতে পারব না’, বিধায়কদের জন্য ৫টা করে IPL-র টিকিটের দাবি - 24 Ghanta Bangla News
Home

‘আমরা VIP, লাইনে দাঁড়াতে পারব না’, বিধায়কদের জন্য ৫টা করে IPL-র টিকিটের দাবি

Spread the love

‘আমরা VIP, লাইনে দাঁড়াতে পারব না’, বিধায়কদের জন্য ৫টা করে IPL-র টিকিটের দাবি

বেঙ্গালুরু: ভিআইপি সংস্কৃতি থেকে বের হতে পারছে না ভারত। আইপিএলের টিকিট দাবি বিধায়কের। যা যুক্তি দিলেন, তা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। বিধায়কের বক্তব্য, প্রত্যেক বিধায়ককে আইপিএলের অন্তত পাঁচটি করে ম্যাচের টিকিট দেওয়া উচিত।

কর্নাটকের কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাশপ্যনভর। আর কয়েকদিন বাদে, ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। ওই বিধায়কের দাবি, সকল বিধায়করা ভিআইপি। তাঁরা লাইনে দাঁড়াতে পারবেন না। তাই প্রত্যেক বিধায়ককে অন্তত পাঁচটি আইপিএলের টিকিট দেওয়া উচিত।

বেঙ্গালুরুতেই আইপিএল ২০২৬-র সূচনা হচ্ছে। কংগ্রেস বিধায়কের বক্তব্য, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সরকারি সুযোগ-সুবিধা পেলেও বিধায়কদের সম্মান দিচ্ছেন না। তিনি সাংবাদিকদের বলেন, “২৮ তারিখ থেকে আইপিএল ম্যাচ শুরু হচ্ছে। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন বিধায়ক, মন্ত্রী ও তাদের পরিবারকে টিকিট দিচ্ছে না। অথচ তারা সরকারি সমস্ত সুযোগ-সুবিধা নিচ্ছেন। ওরা নিরাপত্তা পাচ্ছে। কিন্তু বিধায়কদের সম্মান দিচ্ছেন না।”

আইপিএলের টিকিটের ব্ল্যাক মার্কেটিং নিয়েও সরব হন তিনি। আর তারপরই বিধায়কদের জন্য টিকিট দাবি করেন। বলেন, “আমরা স্পিকারের কাছে অনুরোধ করছি যথাযথ পদক্ষেপ করতে এবং বিধায়কদের জন্য অন্তত পাঁচটি করে টিকিট ইস্যু করতে।”

এখানেই থামেননি তিনি। বিধায়কদের আমজনতার সঙ্গে বসানো উচিত নয়, স্টেডিয়ামে তাদের জন্য আলাদা বসার জায়গার দাবি করেন তিনি।  বলেন, “আমরা ভিআইপি। আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে পারি না। আমরা শেষবার গিয়েছিলাম। লাইনে দাড়িয়েছিলাম। বাকিদের সঙ্গে আমাদের গ্যালারিতে পাঠানো হচ্ছিল। এটা হবে না।”

বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা আর অশোক-ও এই ইস্য়ুতে কংগ্রেস বিধায়ককে সমর্থন করেন। প্রশ্ন তোলেন, সরকার কম টাকায় জমি দিলেও কেন আইপিএলের টিকিটের দাম বেশি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *