PM Narendra Modi: ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদীর, হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল? - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদীর, হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

Spread the love

PM Narendra Modi: ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদীর, হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নয়াদিল্লি: যুদ্ধের আঁচে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। যার জেরে হরমুজ প্রণালী দিলে তেল পরিবহণ হচ্ছে না। সমস্যায় পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্গিয়ো গর এক্স হ্যান্ডলে লেখেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দু’জনের আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী খুলে রাখার প্রয়োজনীয়তা নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের। এরপরই পাল্টা হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে তেহরান হামলা শুরু করে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীও বন্ধ করে দেয়। হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে তেল সরবরাহ হয়। তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ে বিভিন্ন দেশ।

গতকাল সংসদে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান,পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যথেষ্ঠ উদ্বেগের। আর তা ভারতের আর্থিক, বাণিজ্যিক ক্ষেত্রে প্রভাব ফেলেছে। অপ্রত্যাশিত চ্যালেঞ্জ তৈরি করেছে ভারতের জন্য। তবে, তিনি জানান, সব পরিস্থিতির উপর কড়া নজর রয়েছে ভারতের। আতঙ্কের কোনও কারণ এই মুহূর্তে নেই। হরমুজ দিয়েও তেল আমদানিতে সচেষ্ট রয়েছে ভারত। একইসঙ্গে সংসদে প্রধানমন্ত্রী বার্তা দেন, ভারত শান্তিরই পক্ষে। আলোচনা, কূটনীতিক মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।

এই পরিস্থিতিতে এদিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয় মোদীর। পরে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করেছিলেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ভারত যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি পুনরুদ্ধারের পক্ষে। হরমুজ প্রণালী উন্মুক্ত, সুরক্ষিত এবং সহজগম্য রাখা সমগ্র বিশ্বের জন্য অপরিহার্য। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টায় আমরা সবসময় পাশে রয়েছি।”

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইজরায়েলের যুদ্ধ হয়ত শেষ হয়ে আসছে। ট্রাম্প সোমবার বলেছিলেন, তাঁর সরকার ইতোমধ্যেই তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *