‘জ্যাজ সিটি’-তে সৌরসেনী হলেন শীলা, তাঁর এমন কাজ আগে দেখা যায়নি - 24 Ghanta Bangla News
Home

‘জ্যাজ সিটি’-তে সৌরসেনী হলেন শীলা, তাঁর এমন কাজ আগে দেখা যায়নি

‘জ্যাজ সিটি’-তে সৌরসেনী হলেন শীলা, তাঁর এমন কাজ আগে দেখা যায়নি

মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। দশক ছুঁয়ে দশক পিছিয়ে যেতে হবে। নজর রাখতে হবে ১৯৭১-এ। বাংলাদেশের ভাষা আন্দোলনের সময়টায়। ১৯৭১-এর এই মুক্তিযুদ্ধের পাঠ অল্প-বিস্তর আমাদের সকলেরই আছে। তবে ঠিক কী ঘটেছিল, কেন ঘটেছিল, তার মধ্যে প্রবেশ করতে পারেননি আজও অনেকে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে তাক লাগিয়ে দেওয়া ওয়েব সিরিজের নাম ‘জ্যাজ সিটি’।

এই ওয়েব সিরিজে জিমি আর শীলার সম্পর্কের রসায়ন উঠে এসেছে। জিমির চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা আরিফিন শুভকে। আর শীলার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৌরসেনী মৈত্রকে। শীলার চরিত্রের বুদ্ধিমত্তা, প্রতিবাদী হয়ে ওঠার সত্তা নজরকাড়া। স্টুডিয়ো নাইন-এর প্রযোজনায় সৌমিক সেনের তত্ত্বাবধানে যেভাবে এই চরিত্র ফুটিয়ে তুলেছেন সৌরসেনী, তা দেখে অনেক দর্শকই প্রশংসা করছেন। একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”শুধু বাংলা নয়, হিন্দি ছবি বা ওয়েব সিরিজেও সৌরসেনী এর আগে কাজ করেছেন। তবে এটা তাঁর জীবনের অন্যতম সেরা চরিত্র।”

সৌরসেনী মৈত্র নিজেও উচ্ছ্বসিত এই ওয়েব সিরিজ নিয়ে। TV9 বাংলার এক সাক্ষাত্‍কারে সৌরসেনী বললেন, ”এটা অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র। এখানে শীলার পাশাপাশি যেসব চরিত্র রয়েছে, তাঁদের সঙ্গে শীলার সমীকরণ ফুটিয়ে তোলার কাজটাই গুরুত্বপূর্ণ ছিল।” ‘জ্যাজ সিটি’ দেখে বাংলার দর্শকরা অনেকেই গর্বিত। বহু বাঙালি কাস্ট এবং ক্রু, সকলে মিলে গড়ে তুলেছেন এই স্বপ্নের ওয়েব সিরিজ। অনেকে একবার দেখার পর, দ্বিতীয়বার দেখতে শুরু করেছেন এই কাজ। দর্শকের একটা বড় অংশ যে মিস করতে চান না এই ওয়েব সিরিজ, তা স্পষ্ট।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *