Maldah: কংগ্রেস নেতার গাড়ি থেকে উদ্ধার পিস্তল, ভোটবঙ্গে চড়ছে উত্তাপ - 24 Ghanta Bangla News
Home

Maldah: কংগ্রেস নেতার গাড়ি থেকে উদ্ধার পিস্তল, ভোটবঙ্গে চড়ছে উত্তাপ

Spread the love

Maldah: কংগ্রেস নেতার গাড়ি থেকে উদ্ধার পিস্তল, ভোটবঙ্গে চড়ছে উত্তাপ

মালদহ:  কংগ্রেসের প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে উদ্ধার সেভেন এম এম পিস্তল। মালদহে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা মালদহ জেলা কংগ্রেসের সহ সভাপতি মোত্তাকিন আলমের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে গাড়িতে সেই সময় মোত্তাকিন আলম ছিলেন না। ছিলেন তাঁর আত্মীয় স্বজন। কংগ্রেসের দাবি, এটি সম্পূর্ণভাবেই একটি অনিচ্ছাকৃত ভুল, যার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই। আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত। পুরাতন মালদহের ১২ নম্বর জাতীয় সড়কের চেঁচু মোড়ে নাকা চেকিং চলাকালীন একটি স্করপিও গাড়ি আটক করে মালদা থানার পুলিশ।

তল্লাশিতে গাড়ির সামনের ডিকি থেকে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়। এরপরই গাড়িতে থাকা ছ’জন যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ গাড়ি সহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ইংরেজবাজার শহরের ফুলবাড়ি ও কমলাবাড়ি এলাকায় এবং তারা প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলমের আত্মীয় বলেই জানা গিয়েছে।

এই ঘটনায় কংগ্রেসের জেলা কার্যনির্বাহী সদস্য মান্তু ঘোষ জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা ছিল। ইদের আগে ব্যস্ততার মধ্যে সেটি ভুলবশত গাড়িতে থেকে যায়। পরে আত্মীয়রা গাড়িটি ব্যবহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও বলেন, “এটিকে রাজনৈতিকভাবে অন্যখাতে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই।”

অন্যদিকে তৃণমূল পরিচালিত পুরাতন মালদহের পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিভূতি ঘোষ বলেন, “নির্বাচনের আগে এই ধরনের ঘটনা অবশ্যই প্রশ্নের সৃষ্টি করে। যদি আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত হয়, তবে প্রাক্তন বিধায়ক উপস্থিত না থাকা অবস্থায় সেটি গাড়িতে কেন ছিল, তা খতিয়ে দেখা দরকার। পুলিশ নিশ্চয়ই নিরপেক্ষভাবে তদন্ত করে আসল সত্য সামনে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *