Ishan Kishan : প্রথমবার আইপিএলের অধিনায়ক, ঈশানের ভূয়সী প্রশংসায় বিরাট! - 24 Ghanta Bangla News
Home

Ishan Kishan : প্রথমবার আইপিএলের অধিনায়ক, ঈশানের ভূয়সী প্রশংসায় বিরাট!

Spread the love

Ishan Kishan : প্রথমবার আইপিএলের অধিনায়ক, ঈশানের ভূয়সী প্রশংসায় বিরাট!

কলকাতা : ঈশান কিষানের ক্রিকেট কেরিয়ারে এখন তুঙ্গে বৃহস্পতি। কয়েক মাস আগে ঝাড়খণ্ডকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন করা থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দারুন ফর্ম। সাম্প্রতিক সংযোজন ? আসন্ন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে দেখা যাবে ঈশানকে। দুই দশক আগে ঝাড়খণ্ড থেকেই উঠে এসে বিশ্বসেরার তালিকায় নিজের নাম লিখিয়েছেন আর এক ঝাড়খণ্ডের বাসিন্দা, এম এস ধোনি। এবার অধিনায়কত্বে হাতেখড়ি করে একপ্রকার ধোনির জুতোয় পা গলিয়েছেন ঈশান। আইপিএলের প্রথম ম্যাচেই সানরাইজার্সের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। তার আগেই ঈশানকে নিয়ে প্রত্যয়ী ঝাড়খণ্ডের সহকারী কোচ সানি গুপ্ত।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছেন,”ঈশানের সাফল্যের প্রধান কারণ ও খুব সরল, সাধাসিধে। অনেকেই সাফল্য পাওয়ার পর বদলে যায় কিন্তু ঈশান বদলায়নি। একারণেই ও অনন্য।” এই আইপিএলেই প্রথমবার বিশ্বমঞ্চে অধিনায়কত্ব করছেন ঈশান কিন্তু অতীতে অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঝাড়খণ্ডের অধিনায়ক ছিলেন গত বছরেই। সেই নিয়েই সানি বলেছেন,”ঈশান জানে কিভাবে ড্রেসিংরুমকে কন্ট্রোল করতে হয়। দল জিতুক বা হারুক, ঈশান কারও মনোবল পড়তে দেয় না। ওর মতে,আউট হলেও ক্ষতি নেই কিন্তু সবাই যেন নিজের দায়িত্ব পালন করে।” সানির আরও সংযোজন,”ঈশান বরাবরই ছেলেমানুষি করে। হাসাহাসি, মজা করা ওর পছন্দের। ওকে দেখে অবাধ্য মনে হলেও ঈশান বাস্তবে খুব সিরিয়াস। ম্যাচের আগে প্রত্যেক দলকে নিয়ে পড়াশোনা করে পরিকল্পনা করে। প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে আলাদা করে ছক সাজায়।” প্রসঙ্গত, বছর দু’য়েক আগেই ঈশানকে ‘অবাধ্য’ বলে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। এমনকি আসরে নামতে হয়েছিল তৎকালীন ভারত কোচ রাহুল দ্রাবিড়কে। সেই কঠিন সময় পার করেছেন রাঁচির এই যুবক।

সদ্যই দলের জন্য নতুন নিয়ম চালু করেছেন ঈশান। যদি কোনও সতীর্থ টিমবাস ধরতে দেরি করে, তাহলে তাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। এই নিয়ম খোদ তাঁর জন্যেও প্রযোজ্য। দলের শৃঙ্খলা পালনের জন্য বিশেষভাবে তৎপর ঈশান। ঝাড়খণ্ডের ঈশানের সতীর্থ বিরাট সিং জানিয়েছেন, ঈশানের এই অভ্যাস আসলে মহেন্দ্র সিংহ ধোনির থেকে এসেছে। বিরাট বলেছেন,”ঈশান খুবই ভাল অধিনায়ক। ও মাহি ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছে। ও জানে কাকে কী বললে তার ১০০% বের করে আনা যাবে।” গতবছরই আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ঈশান। এবছরেই দলের অধিনায়ক। তাঁর কাছে চ্যালেঞ্জ থাকবে দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *