India LPG-Oil Crisis : রাশিয়ার থেকে এল তেল, আমেরিকার থেকে গ্যাস…আর চিন্তা নেই ভারতের? - 24 Ghanta Bangla News
Home

India LPG-Oil Crisis : রাশিয়ার থেকে এল তেল, আমেরিকার থেকে গ্যাস…আর চিন্তা নেই ভারতের?

Spread the love

India LPG-Oil Crisis :  রাশিয়ার থেকে এল তেল, আমেরিকার থেকে গ্যাস…আর চিন্তা নেই ভারতের?

নয়াদিল্লি : জ্বালানি সংকটের মধ্যেই ভারতের জন্য স্বস্তির খবর। আরও একটা তেলবাহী জাহাজ এসে পৌঁছেছে ভারতে। রাশিয়া থেকে এসেছে অপরিশোধিত তেলবাহী জাহাজ। দিন কয়েক আগেই রাশিয়ার এই তেলবাহী জাহাজটিই চিনের দিকে যাচ্ছিল। পরে মাঝপথে অভিমুখ পরিবর্তন করে ভারতের উদ্দেশে রওনা দেয়। জানা গিয়েছে, মোট ৭টি রুশ জাহাজ অভিমুখ বদল করে ভারতের দিকে ঘুরেছে। তার মধ্যে ভারতে এসে পৌঁছল একটি জাহাজ।

জানা গিয়েছে, শনিবার রাতে অপরিশোধিত তেল নিয়ে অ্যাকোয়া টাইটান নামের একটি তেলবাহী জাহাজ পৌঁছেছে। নিউ ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছয় জাহাজটি। তবে,’অ্যাকোয়া টাইটান’-এ করে কতটা অপরিশোধিত তেল ভারতে আনা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, জাহাজটি জানুয়ারির শেষ দিকে বাল্টিক সাগর থেকে রওনা দিয়ে চিনের রিজাও বন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু, মার্চের মাঝামাঝি সময়ে গতিমুখ পরিবর্তন করে। ঠিক সেই সময়ই ভারত আমেরিকার কাছ থেকে রাশিয়ার তেল কেনার জন্য সাময়িক ছাড় পায়। এদিকে, আরও একটি তেলবাহী জাহাজ জৌ জৌ এন আগামী ২৫ মার্চ গুজরাটের সিক্কা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

হরমুজ় প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ অপরিশোধিত তেল এই প্রণালী দিয়েই তেল আমদানি করা হয়। এছাড়াও দেশের প্রায় অর্ধেক এলএনজি এবং অধিকাংশ এলপিজি সরবরাহও এই প্রণালীর উপর নির্ভরশীল। উল্লেখ্য, ভারতের তেল শোধনাগারগুলি আমেরিকার থেকে ৩০ দিনের ছাড় পাওয়ার পর থেকেই রাশিয়ার থেকে তেল কেনা বাড়িয়েছে। ফলে সাতটি রুশ জাহাজের আগমন দেশের তেলের ঘাটতি অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু, সব রুশ জাহাজ ভারতে এসে পৌঁছবে কি না তা এখনও জানা যায়নি।

এদিকে, রান্নার গ্যাস সংকটের মধ্যে আমেরিকার টেক্সাস থেকে বিপুল পরিমাণে LPG নিয়ে ভারতে পৌঁছেছে ‘পাইক্সিস পাইওনিয়ার’ নামের কার্গো জাহাজটি। রবিবার সকালে এই জাহাজটি ম্যাঙ্গালুরু পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে,এই বিপুল পরিমাণ তেল ও গ্যাসের আমদানি ভারতের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *