Bangladesh Accident: আধ কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল ট্রেন! সব তালগোল পাকিয়ে…বাংলাদেশে রেলগেটে বাস-ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ১২ - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Accident: আধ কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল ট্রেন! সব তালগোল পাকিয়ে…বাংলাদেশে রেলগেটে বাস-ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ১২

Spread the love

Bangladesh Accident: আধ কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল ট্রেন! সব তালগোল পাকিয়ে…বাংলাদেশে রেলগেটে বাস-ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ১২

ঢাকা: ইদের আনন্দ পরিণত হল বিষাদে। বাংলাদেশে ফের ভয়াবহ দুর্ঘটনা। ট্রেনের সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী বাসের। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১২ জন। গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, নিহতদের পরিবার পিছু ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।

শনিবার রাত তিনটে নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল ঢাকা মেইল ট্রেন। কুমিল্লার পদুয়ার বাজার এলাকা দিয়ে যাওয়ার সময়, ট্রেন যখন ছুটছিল, তখন রেল গেট দিয়ে আচমকাই একটি বাস চলে আসে। সজোরে বাসে ধাক্কা মারে ট্রেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ধাক্কা মারার পর ট্রেন বাসটিকে প্রায় আধ কিলোমিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আট ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিক তদন্তে অনুমান, মামুন পরিবহনের ওই বাসটি চুয়াডাঙা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পার হচ্ছিল বাস, তখনই ঢাকা মেইল ট্রেন চলে আসে। তারপরই বিপর্যয়।

ঘটনাস্থল থেকে প্রথমে সাতজনের মৃতদেহ উদ্ধার হয়। পরে মৃতের সংখ্য়া বেড়ে ১২-তে পৌঁছয়। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন জানিয়েছেন যে দুর্ঘটনায় নিহতদের অনেকের চেহারা এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে তাদের চেনা সম্ভব হচ্ছে না। মর্গের বাইরে আত্মীয়-পরিজনদের ভিড় বাড়ছে। বাসের চালকের স্ত্রী ও দুই মেয়েও বাসে ছিলেন বলেই জানা গিয়েছে। দুর্ঘটনায় তাদেরও মৃত্যু হয়েছে।

ভয়াবহ দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, রেলগেট সঠিক সময়ে বন্ধ হয়নি। তার জেরেই বাস-ট্রেনের সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারাও এমনটাই জানিয়েছেন। তবে সঠিক কারণ নিশ্চিত করতে জেলা প্রশাসন, বাংলাদেশ রেলওয়ে ও পুলিশের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই দুর্ঘটনার পরই কর্তব্যে অবহেলার জন্য পদুয়া রেলগেটে কর্মরত দুই গেটম্যানকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *