Weather Update: একধাক্কায় ১১ ডিগ্রি কম, ঝুপ করে নামল তাপমাত্রা, রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া - 24 Ghanta Bangla News
Home

Weather Update: একধাক্কায় ১১ ডিগ্রি কম, ঝুপ করে নামল তাপমাত্রা, রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া

Weather Update: একধাক্কায় ১১ ডিগ্রি কম, ঝুপ করে নামল তাপমাত্রা, রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া

কলকাতা: চৈত্র মানেই প্রবল গরম আর পোড়া রোদ। কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা গেল। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সেই গরম উধাও। বৃষ্টি তো আছেই, সঙ্গে ঝড়ো হাওয়ায় হু হু করে নামছে পারদ। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকাল থেকেই দেখা গেল মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে একধাক্কায় অনেকটাই নামল পারদ। স্বাভাবিকের ১১ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। শনিবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।

তবে আগামিকাল, রবিবার থেকে তাপমাত্রা ফের বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দ্রুত ৩০ ডিগ্রি পেরিয়ে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার থেকে কমবে বৃষ্টির তীব্রতাও। তবে সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে আগামী ২৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকবে মূলত মেঘলা আকাশ। তবে আবহাওয়া থাকবে শুষ্ক। ২৮ তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে মূলত মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও একাধিক জেলায় বৃষ্টি হয়েছে শনিবার। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। ২৬ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর-পশ্চিম ভারত থেকে ছত্তিশগঢ় পর্যন্ত একটি পশ্চিমী ঝঞ্ঝা ও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *