Kolkata: ২ যুবককে জম্মুতে অপহরণ করে কলকাতায় আনল অপহরণকারীরা, তারপর… - 24 Ghanta Bangla News
Home

Kolkata: ২ যুবককে জম্মুতে অপহরণ করে কলকাতায় আনল অপহরণকারীরা, তারপর…

Kolkata: ২ যুবককে জম্মুতে অপহরণ করে কলকাতায় আনল অপহরণকারীরা, তারপর…

কলকাতা: বিদেশে চাকরির টোপ। আর সেই টোপ দিয়েই জম্মু থেকে দুই যুবককে অপহরণ করে এনে রাখা হয়েছিল কলকাতার হোটেলে। অপহৃত দুই যুবককে প্রগতি ময়দান থানা এলাকার একটি হোটেল থেকে উদ্ধার করল জম্মু পুলিশ। অপহরণকারী চক্রের ৫ জনকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে জম্মু নিয়ে গেল।

অস্ট্রেলিয়ায় চাকরির ব্যবস্থা করা হয়েছে। মিলবে মোটা অঙ্কের বেতন। এই টোপ দিয়েই জম্মুর গান্ধীনগর থানা এলাকার নায়েক নগর থেকে দুই যুবককে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। জগমোহন সিং নামে এক হোটেল ব্যবসায়ী স্থানীয় থানায় অভিযোগ করেন, তাঁর দুই ছেলে তুষার শিব ও মহিন্দর সিংকে তুলে দিয়েছিলেন অজয় কুমার ও পুষ্পেন্দু নামে দুই ব্যক্তির হাতে। তাঁরাই অস্ট্রেলিয়া পাঠানোর জন‍্য ব্যবস্থা করে দেবেন বলেছিলেন। 

অভিযোগ, গত ১০ মার্চ অজয় ও পুষ্পেন্দু জন্মুর দুই যুবককে কলকাতায় নিয়ে আসেন। হোটেলে আটকে রেখে জগমোহনকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তদন্তে নেমে মোবাইল ফোন কলের সূত্র ধরে কলকাতার হোটেলের তথ্য পায় জম্মু পুলিশ।

শুক্রবার কলকাতায় হানা দেয় জম্মু পুলিশ। হোটেলের ঘর থেকে দুই যুবককে উদ্ধার করা হয়। পাশের ঘর থেকে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয় বলেই পুলিশ সূত্রে খবর। ধৃত সমীর আনসারি, প্রশান্ত আনসারি, প্রবীণ কুমার, বনস মঞ্জু ও সুশীল রামকে আলিপুর আদালতে পেশ করে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে জম্মু নিয়ে যায় সেখানকার পুলিশ। জম্মু পুলিশ সূত্রে খবর, ধৃত পাঁচ জন হরিয়ানার বাসিন্দা। ধৃতদের মধ্যে সমীরের হোটেল ব্যবসা রয়েছে নায়েক নগরে। জগমোহনও হোটেল ব্যবসায়ী। সেই সূত্রে দু’জনের পরিচয়। অপহরণের পর দুই যুবককে কলকাতার হোটেলে এনে কেন রাখা হয়েছিল, সেই প্রশ্ন উঠছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *