Rajiv Kumar: একসঙ্গে ট্রেনিং, একই ব্যাচ, একই ক্যাডার, ঘনিষ্ঠ বন্ধু রাজীবের শুভেচ্ছাবার্তার আশায় বিজেপির প্রার্থী রাজেশ কুমার - 24 Ghanta Bangla News
Home

Rajiv Kumar: একসঙ্গে ট্রেনিং, একই ব্যাচ, একই ক্যাডার, ঘনিষ্ঠ বন্ধু রাজীবের শুভেচ্ছাবার্তার আশায় বিজেপির প্রার্থী রাজেশ কুমার

Rajiv Kumar: একসঙ্গে ট্রেনিং, একই ব্যাচ, একই ক্যাডার, ঘনিষ্ঠ বন্ধু রাজীবের শুভেচ্ছাবার্তার আশায় বিজেপির প্রার্থী রাজেশ কুমার

কলকাতা: দীর্ঘদিনের বন্ধুর শুভেচ্ছাবার্তার অপেক্ষায় তিনি। শুভেচ্ছা পাঠালেন সেই বন্ধুকেও। একজন অবসরপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমার, বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। অন্যজন অবসরপ্রাপ্ত আইপিএস ড. রাজেশ কুমার। রাজীব কুমারের সঙ্গে একইদিনে অবসর নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় জগদ্দল থেকে টিকিট পেয়েছেন রাজেশ কুমার। আইপিএস হিসেবে একসময় একাধিক দফতর সামলেছেন রাজেশ কুমার। দায়িত্ব সামলেছেন মন্ত্রকের ওএসডি পদেও। একসময় কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবেও কাজ করেছেন। অবসর নিয়েছেন পরিবেশ দফতরের প্রধান সচিব এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব পদ থেকে।

সম্প্রতি ক‍্যাটে একটি মামলা করে শিরোনামে আসেন রাজেশ কুমার। কেন সিনিয়রিটির ভিত্তিতে তাঁকে ডিজিপি পদে নিয়োগ করা হবে না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এ বার তিনি রাজনীতির ময়দানে। সূত্রের খবর, তাঁর রাজনীতিতে আসাটা কোনও চমক নয়। আগে থেকেই ঠিক করে রেখেছিলেন তিনি। তাই অবসরের পরে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেই জানা যায়। টিকিটও পেয়েছেন প্রার্থী হিসেবে।

রাজেশ কুমারের বক্তব্য, এই রাজ্যের উন্নয়ন প্রয়োজন। রাজনীতির ময়দান যে সহজ নয় সেটাও তিনি জানেন। কিন্তু আইপিএস হয়ে বেশিরভাগ সময় আইএএস-দের মতো দফতর এবং মন্ত্রীদের সামলাতে সামলাতে রাজনীতি মগজে ঢুকে পড়েছে তাঁর। তাই অবসরের পর রাজনীতিতে সরাসরি প্রবেশ করেছেন প্রাক্তন আইপিএস ডক্টর রাজেশ কুমার।

তৃণমূল সাংসদ রাজীব কুমার আর তিনি শুধু ব্যাচমেট নন, তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা জানেন অনেকেই। তাই রাজীব কুমারের শুভেচ্ছাবার্তার আশায় আছেন তিনি। একই ব্যাচের আইপিএস অফিসার দু’জন, প্রশিক্ষণ নিয়েছেন একইসঙ্গে, আবার ক‍্যাডারও একই রাজ‍্যের। আর তখন থেকেই দু’জনের গভীর বন্ধুত্ব! আপাতত বিরোধী দুই দলের সদস্য তাঁরা।

রাজেশ কুমার শুধু অবসরপ্রাপ্ত আইপিএস নন, চাটার্ড অ‍্যাকাউন্টেটের পাশাপাশি ঝুলিতে একাধিক ডিগ্রি এবং ডক্টরেট ডিগ্রিও রয়েছে তাঁর। জগদ্দলের বিজেপি প্রার্থী হয়ে তাঁর আশা, এবার এ রাজ্যে সরকার গড়বে বিজেপিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *