World Cup : বড় চুক্তি ফিফার, বিশ্বকাপ এবার ইউটিউবে ? - 24 Ghanta Bangla News
Home

World Cup : বড় চুক্তি ফিফার, বিশ্বকাপ এবার ইউটিউবে ?

Spread the love

World Cup : বড় চুক্তি ফিফার, বিশ্বকাপ এবার ইউটিউবে ?

কলকাতা : ফুটবল বিশ্বকাপের আসর বসতে আর মাস তিনেক বাকি। এই বছর বিশ্বকাপ হতে চলেছে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলি। দিন কয়েক আগেই বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে চেয়েছিল ইরান। তবে আবার বিশ্বকাপ খেলতে চেয়ে ফিফার কাছে ইরান আবেদন করেছে, তাদের যেন আমেরিকার বদলে মেক্সিকোতে খেলতে দেওয়া হয়। এই আবেদন ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে ফিফা। কিন্তু ফিফা জানিয়েছে, বিশ্বকাপ দেখানো নিয়ে তারা চুক্তি করেছে। তাহলে কোথায় দেখা যাবে ম্যাচ ?

মঙ্গলবারই জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে চুক্তি করেছে ফিফা। সেই চুক্তি অনুযায়ী ইউটিউবে দেখা যাবে বিশ্বকাপ। বিশ্বের প্রায় সবাই ইউটিউব ব্যবহার করে। তাই তারা যাতে ফুটবলের প্রতি আগ্রহী হয়, সেজন্যই এই পদক্ষেপ। নতুন চুক্তি অনুযায়ী ফিফার ব্রডকাস্টাররা ম্যাচের প্রথম ১০ মিনিট ইউটিউবে দেখাবে। তাঁরা ভাবছেন, এই ১০ মিনিট দেখে তরুণ প্রজন্ম ম্যাচের প্রতি আকৃষ্ট হবে এবং তখন তারা পুরো ম্যাচ দেখবে। এতে বিশ্বজুড়ে আগ্রহ ও ব্যবসা দুই-ই বাড়বে বলে আশা করা যায়। ফিফার তরফে জানানো হয়েছে, ফিফা এবার একটি নির্দিষ্ট সংখ্যক ম্যাচ পুরোটা ইউটিউবে দেখাতে পারবেন যাতে দর্শকরা আকৃষ্ট হন। তবে কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছে, তা জানানো হয়নি। এছাড়া, বিশ্বব্যাপী ইউটিউব ক্রিয়েটরদেরও ফিফা অ্য়াক্সেস দেবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। তাদের মেক্সিকোতে খেলার আবেদন খারিজ করেছে ফিফা। এই বছর প্রথমবার মোট ৪৮টি দল খেলবে। ১১ জুন থেকে ১৯ জুলাই আমেরিকাসহ মোট ৩ দেশে হবে বিশ্বকাপ। আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু ইরান খেলতে চাইলে তারা আমেরিকায় স্বাগত। এই বিষয়েরই বিরোধিতা করেছে ইরান। তবে তার আগে এই নতুন চুক্তি ফুটবলকে আরও বিশ্ব ব্যাপী পৌঁছে দেবে বলে আশা করা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *