নিষিদ্ধ নোরার ‘অশ্লীল’ আইটেম নম্বর! উত্তাল সংসদ - 24 Ghanta Bangla News
Home

নিষিদ্ধ নোরার ‘অশ্লীল’ আইটেম নম্বর! উত্তাল সংসদ

Spread the love

নিষিদ্ধ নোরার ‘অশ্লীল’ আইটেম নম্বর! উত্তাল সংসদ

বিতর্কের দাবানল অবশেষে পৌঁছল সংসদে। কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান ‘সরকে চুনর তেরি সরকে’ (হিন্দি সংস্করণ)-কে ঘিরে দেশজুড়ে চলা বিক্ষোভের জেরে নজিরবিহীন পদক্ষেপ নিল কেন্দ্র। বুধবার লোকসভায় দাঁড়িয়ে গানটিকে ‘নিষিদ্ধ’ করার কথা ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গানটির কথা ও দৃশ্যায়নে শালীনতার মাত্রা ছাড়ানোর অভিযোগেই এই সিদ্ধান্ত।

সংসদে সমাজবাদী পার্টির সদস্য আনন্দ ভাদৌরিয়ার তোলা এক প্রশ্নের জবাবে অশ্বিনী বৈষ্ণব সাফ জানান, “শিল্পীর বাক্‌স্বাধীনতার নামে যা খুশি দেখানো যায় না। প্রতিটি ক্ষেত্রে একটি যুক্তিসঙ্গত সীমারেখা থাকা প্রয়োজন। বাক্‌স্বাধীনতা মানেই সীমাহীন মতামত প্রকাশ নয়; সমাজ ও সংস্কৃতির প্রাসঙ্গিকতা বজায় রাখাও নির্মাতাদের দায়িত্ব।” মন্ত্রীর এই কড়া অবস্থান স্পষ্ট করে দিল যে, বিনোদনের নামে কুরুচিকর বিষয়বস্তু আর বরদাস্ত করা হবে না।

গানটির ট্রেলার ও ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। বার-এর প্রেক্ষাপটে নোরার নাচ এবং বারবার শাড়ির আঁচল সরিয়ে দেওয়ার ‘হুক স্টেপ’-কে ‘যৌন ইঙ্গিতমূলক’ ও ‘চরম নারীবিদ্বেষী’ বলে দাগিয়ে দিয়েছেন নেটিজেনরা। গানে ব্যবহৃত দ্ব্যর্থবোধক সংলাপ নিয়েও আপত্তি তুলেছিলেন খোদ কঙ্গনা রানাউত। গীতিকার রাকিব আলমকেও নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়। চাপের মুখে পড়ে গত সোমবারই নির্মাতারা ইউটিউব থেকে গানটি সরিয়ে নিয়েছিলেন।

বিতর্কের মাঝে অবশ্য মুখ খুলেছেন পরিচালক প্রেমের স্ত্রী রক্ষিতা। তাঁর প্রশ্ন, “পুরো সিনেমা যখন যৌনতা নিয়ে তৈরি হয়, তখন কারও সমস্যা হয় না। অথচ একটি গানে সামান্য ইঙ্গিতপূর্ণ সংলাপ থাকলেই তা নিয়ে এত শোরগোল কেন?” তাঁর এই মন্তব্য বিতর্ককে আরও উসকে দিলেও সরকারি নিষেধাজ্ঞার পর ছবির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় নির্মাতারা।

আগামী ৩০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত ও শিল্পা শেট্টি অভিনীত এই পিরিয়ড ড্রামাটির। তবে মুক্তির আগে এই আইনি কোপ বক্স অফিসে কেমন প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *