ওপেনিংয়েই কোটি কোটি টাকা? ‘বাহুবলী ২’-কেও কি গোল দেবে ‘ধুরন্ধর ২’? - 24 Ghanta Bangla News
Home

ওপেনিংয়েই কোটি কোটি টাকা? ‘বাহুবলী ২’-কেও কি গোল দেবে ‘ধুরন্ধর ২’?

Spread the love

ওপেনিংয়েই কোটি কোটি টাকা? ‘বাহুবলী ২’-কেও কি গোল দেবে ‘ধুরন্ধর ২’?

মাত্র তিন মাস আগেই ‘ধুরন্ধর’ জ্বরে কাঁপছিল গোটা দেশ। সেই রেশ কাটতে না কাটতেই এবার আসছে সিক্যুয়েল। রণবীর সিং আর আদিত্য ধরের যুগলবন্দি যে বক্স অফিসে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার প্রমাণ মিলেছিল গত ডিসেম্বরেই। ১,৩০০ কোটির গণ্ডি পেরিয়ে ‘ধুরন্ধর’ বুঝিয়ে দিয়েছিল, ‘মাউথ পাবলিসিটি’র জোরে কীভাবে ইতিহাস গড়া যায়। ১৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’, আর তার আগেই টিনসেল টাউনের পারদ চড়চড়িয়ে বাড়ছে।

ট্রেড অ্যানালিস্টদের দাবি, রণবীরের এই ছবি এবার ‘বাহুবলী ২’ কিংবা ‘পুষ্পা ২’-এর রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারে। অ্যাডভান্স বুকিংয়ের পরিসংখ্যান অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। সাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১২.৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুধু ভারতেই প্রথম দিনের অগ্রিম বুকিং দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি টাকার কাছাকাছি। রণবীর কাপুরের ‘অ্যানিমাল’ ছবির রেকর্ড ভাঙা এখন শুধু সময়ের অপেক্ষা।

কেন এই উন্মাদনা এত বেশি?

সাধারণত বড় ফ্র্যাঞ্চাইজি ছবির সিক্যুয়েল আসতে কয়েক বছর সময় লাগে। কিন্তু আদিত্য ধর এখানে অন্য পথে হেঁটেছেন। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর কায়দায় মাত্র তিন মাসের মাথায় দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির তিনি। দর্শকদের কাছে প্রথম পার্টের রেশ টাটকা থাকতেই দ্বিতীয় পার্ট পরিবেশন করাটা একটা বড় মাস্টারস্ট্রোক বলে মনে করছেন ছবি বিশেষজ্ঞরা। বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শের মতে, শুধুমাত্র হিন্দি ভার্সনেই প্রথম দিনে ৮০ থেকে ৯০ কোটি টাকার ব্যবসা করতে পারে এই ছবি। আর বিশ্বজুড়ে ওপেনিং ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না।

অনেকেই ৩ ঘণ্টা ৫৫ মিনিটের হওয়ায় ছবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তরণ আদর্শের সাফ কথা, “কনটেন্ট ভালো হলে দৈর্ঘ্য কোনও বাধা নয়। শোলে বা মুঘল-এ-আজমও তো দীর্ঘ ছিল!” মুম্বই, পুণে বা আমদাবাদের মতো শহরে তাই ২৪ ঘণ্টা শো চালানোর পরিকল্পনা করা হয়েছে।

এবার হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। তবে দক্ষিণের বাজারে পবন কল্যাণের ‘উস্তাদ ভগত সিং’-এর সঙ্গে কিছুটা টক্কর হতে পারে। যদিও ‘টক্সিক’-এর মতো বড় ছবি পিছিয়ে যাওয়ায় রণবীরের সামনে এখন কার্যত ফাঁকা মাঠ।

দীর্ঘদিন পর রণবীরের কেরিয়ারে এই ছবি যে নতুন মাইলফলক হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন দেখার, মুক্তির পর ‘ধুরন্ধর ২’ সত্যিই ‘বাহুবলী’র রাজত্ব কেড়ে নিতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *