Paschim Medinipur: সিমেন্টে মাটি! তৈরির পাঁচ ঘণ্টার মধ্যে ড্রেন ভেঙে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা - 24 Ghanta Bangla News
Home

Paschim Medinipur: সিমেন্টে মাটি! তৈরির পাঁচ ঘণ্টার মধ্যে ড্রেন ভেঙে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা

Spread the love

Paschim Medinipur: সিমেন্টে মাটি! তৈরির পাঁচ ঘণ্টার মধ্যে ড্রেন ভেঙে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা

পশ্চিম মেদিনীপুর: দীর্ঘদিনের দাবি ছিল। অনেক দাবি-দাওয়া, আবেদনের পর তৈরি হল ড্রেন। খুশি এলাকাবাসীরা। আগের দিন বিকালে ড্রেন নির্মাণের কাজ শেষ হল, আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখলেন ড্রেন ভেঙে গিয়েছে। তৈরির কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ে নবনির্মিত আস্ত ড্রেন! কীভাবে হল! তা দেখতে গিয়েই হতবাক গ্রামবাসীরা। সিমেন্টে হাত দিতেই কেমন একটা অনুভুব হয়। সিমেন্টের বদলে মাটি মিশিয়ে হচ্ছিল কাজ অভিযোগ গ্রামবাসীদের। শোরগোল পড়তেই কাজ ছেড়ে পালিয়ে যান ঠিকাকর্মীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চন্দননগর গ্রামে জল নিকাশির জন্য একটি ড্রেনের কাজ হচ্ছিল, কিন্তু ড্রেন তৈরির কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ে আস্ত নবনির্মিত ড্রেন, গ্রামবাসীদের অভিযোগ সিমেন্টের বদলে মাটি দিয়ে হচ্ছিল ড্রেন তৈরির কাজ। প্রথমে গ্রামের কয়েকজন যুবক কাজে বাধা দিলেও শোনেনি ঠিকাকর্মীরা, তারপর গ্রামবাসীরা একত্রিত হয়ে জড়ো হলে কাজ ছেড়ে পালিয়ে যান ঠিকাকর্মীরা। গ্রামবাসীরা হাতে করে ভাঙতেই বেরিয়ে আসছে মাটি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে ঘাটালজুড়ে।

এই বিষয়ে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় বিষয়টি স্বীকার করে বলেন,  “আমি ওই ঠিকা কর্মীদের কাজ বন্ধ রাখতে বলেছি। মাটি মেশানো সম্পূর্ণ অংশটা ভেঙে নতুন করে তৈরি করার কথা বলেছি এবং ঠিকা কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি।”

যদিও ঘটনার বিষয়ে সমস্ত অভিযোগ স্বীকার করে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর বলেন, “লো কোয়ালিটি কাজ হচ্ছিল, গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছে এটা স্বাভাবিক, গ্রামবাসীদের বলব লক্ষ্য রাখুন, কোন কাজে কম্প্রোমাইজ করা হবে না। ঠিকা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *