বিয়ের রেশ কাটতেই প্রাক্তন প্রেমিকের ‘অডিও ক্লিপ’ ভাইরাল! আইনি হুঁশিয়ারি রশ্মিকা মান্দানার, কী হল হঠাৎ? - 24 Ghanta Bangla News
Home

বিয়ের রেশ কাটতেই প্রাক্তন প্রেমিকের ‘অডিও ক্লিপ’ ভাইরাল! আইনি হুঁশিয়ারি রশ্মিকা মান্দানার, কী হল হঠাৎ?

Spread the love

বিয়ের রেশ কাটতেই প্রাক্তন প্রেমিকের ‘অডিও ক্লিপ’ ভাইরাল! আইনি হুঁশিয়ারি রশ্মিকা মান্দানার, কী হল হঠাৎ?

সদ্য বিয়ের সব অনুষ্ঠান শেষ করে বিজয়ের সঙ্গে নিভৃতে সময় কাটাতে চেয়েছিলেন রশ্মিকা মন্দানা। বিজয় নিজেও জানিয়েছিলেন, লোকচক্ষুর আড়ালে ক’দিন একে অপরের সান্নিধ্য উপভোগ করতে চান তাঁরা। কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু ভেবে রেখেছিল। বিয়ের কয়েক দিন পেরোতে না পেরোতেই রশ্মিকার অতীত খুঁড়ে বের করল নেটিজেনদের একাংশ। ভাইরাল হল দীর্ঘ সাত বছর আগে ভেঙে যাওয়া এক সম্পর্কের পুরনো অডিও ক্লিপ। আর তাতেই মেজাজ হারিয়ে রণংদেহি মেজাজে ধরা দিলেন অভিনেত্রী।

রশ্মিকার কেরিয়ারের শুরু ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির হাত ধরে। সেই ছবির প্রযোজক রক্ষিত শেঠির সঙ্গেই প্রেমে পড়েছিলেন তিনি। ২০১৭ সালে তাঁদের বাগদানও সম্পন্ন হয়। কিন্তু ২০১৮ সালে হঠাৎই সেই সম্পর্কের যবনিকা পতন ঘটে। কেন তাঁদের বিয়ে ভেঙেছিল, তা নিয়ে গত ছয় বছর দু’জনেই মুখে কুলুপ এঁটেছিলেন। কিন্তু বিজয়ের সঙ্গে বিয়ের কয়েক দিনের মাথায় রক্ষিতের সঙ্গে সেই পুরনো সম্পর্কের কথোপকথন আচমকাই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই অডিও ক্লিপটি নজরে আসতেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন রশ্মিকা। তাঁর দাবি, এই ক্লিপটি শুধু পুরনোই নয়, বরং বিকৃত করে পেশ করা হয়েছে। রশ্মিকা বলেন, “গত ২৪ ঘণ্টায় যা ভাইরাল হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। কিছু ব্যক্তিগত পেজ থেকে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি ভাবছি মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে! যাঁরা এই বিকৃত অডিও ক্লিপ ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব।”

এত বছর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে টু শব্দটি করেননি রশ্মিকা। কিন্তু এবার দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় তিনি সাফ জানিয়েছেন, “আমি সবসময় নিজের কাজ আর ইতিবাচক মানসিকতা নিয়ে থাকতে চেয়েছি। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আমাকে আক্রমণ করে যাচ্ছে। আর চুপ করে থাকা সম্ভব নয়।” সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গেলেও তাঁকে চেনা মেজাজে পাওয়া যায়নি। ক্যামেরার আড়ালে মুখ লুকিয়েই বিমানবন্দর ছাড়েন তিনি। অতীতের ছায়া বর্তমানের সুখী গৃহকোণে অশান্তি পাকাক, তা কোনওভাবেই চান না রশ্মিকা। এখন দেখার, তাঁর এই আইনি হুঁশিয়ারির পর এই ভাইরাল বিতর্ক থামে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *