কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা? বিস্ফোরক তথ্য সামনে আনলেন ‘দেশিগার্ল’ - 24 Ghanta Bangla News
Home

কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা? বিস্ফোরক তথ্য সামনে আনলেন ‘দেশিগার্ল’

কেন বলিউড ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা? বিস্ফোরক তথ্য সামনে আনলেন ‘দেশিগার্ল’

সাফল্যের মধ্যগগনে থাকাকালীন কেন বলিউড ছেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? এই প্রশ্ন দীর্ঘকাল তাড়িয়ে বেরিয়েছে তাঁর অনুরাগী ও সমালোচকদের। সম্প্রতি ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ পডকাস্টে এই বিষয়ে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করলেন ‘দেশি গার্ল’। প্রিয়াঙ্কার স্পষ্ট কথা, তিনি দীর্ঘক্ষণ নোংরামির মধ্যে থাকতে পছন্দ করেন না।

বলিউডে কি সেই সময় কোনও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “জীবন সবসময় সহজ পথে চলে না। আমাদের সবার জীবনেই কিছু লড়াই থাকে। আমি আসলে এমন একজন মানুষ যে পচা আবর্জনার মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। কারণ বেশিদিন থাকলে আপনি সেই গন্ধে অভ্যস্ত হয়ে যাবেন।”

তিনি আরও যোগ করেন, “আমি জীবনে পথ বদলে বিশ্বাসী। যখন সময় কঠিন হয়ে পড়ে, তখন আমাদের উচিত নিজেকে গুছিয়ে নিয়ে নতুন পথে চলা। আমি আমার কেরিয়ারে অনেকবার এমনটা করেছি। এক মুহূর্তের জন্য কষ্ট পাওয়া বা শোক করা ঠিক আছে, কিন্তু তারপরই ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে হয়।”

প্রিয়াঙ্কা জানান, যখন তিনি হলিউডে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাঁর সামনে কোনও নিশ্চিত পথ ছিল না। তিনি বলেন, “আমার আগে এই পথে হাঁটার মতো কোনও উদাহরণ ছিল না। আমি শুধু জানতাম আমি কঠোর পরিশ্রমী এবং নিজের কাজটা জানি। যে কোনও পরিচালক বা সহ-অভিনেতার সামনে আমি সমানে সমানে পাল্লা দিতে পারি, এই আত্মবিশ্বাস আমার ছিল। তাই কোনও কিছু না ভেবেই বেরিয়ে পড়েছিলাম।”

হলিউডে ভারতীয়দের অভাব প্রিয়াঙ্কাকে পীড়া দিত। তিনি জানান, সেই সময় আমেরিকার পপ কালচারে মিন্ডি কেলিং কিংবা ঐশ্বর্য রাই বচ্চন ছাড়া আর কোনও ভারতীয় মুখ খুব একটা দেখা যেত না। প্রিয়াঙ্কার কথায়, “আমি বুঝতে পারছিলাম না কেন বিশ্বমঞ্চে আমাদের প্রতিনিধিত্ব এত কম। সেই অভাববোধ থেকেই আমার মনে হয়েছিল নিজের পরিধি আরও বাড়ানো দরকার। আসলে আমি একটু প্রতিযোগিতামূলক মনোভাবের মানুষ, তাই নিজেকে চ্যালেঞ্জ জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।”

বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি এবং কোণঠাসা হওয়ার ইঙ্গিত দিয়ে প্রিয়াঙ্কার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বলিপাড়ায় শুরু হয়েছে নতুন গুঞ্জন। সাফল্যের শীর্ষে থেকে সব ছেড়ে অজানার পথে পাড়ি দেওয়ার এই সাহস যে প্রিয়াঙ্কাকে আজকের ‘গ্লোবাল আইকন’ করে তুলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *