CEC: কোন কোন কারণে বুথে পুনর্নির্বাচন হবে? স্পষ্ট করে দিলেন জ্ঞানেশ কুমার - 24 Ghanta Bangla News
Home

CEC: কোন কোন কারণে বুথে পুনর্নির্বাচন হবে? স্পষ্ট করে দিলেন জ্ঞানেশ কুমার

Spread the love

CEC: কোন কোন কারণে বুথে পুনর্নির্বাচন হবে? স্পষ্ট করে দিলেন জ্ঞানেশ কুমার

কলকাতা: বুথ জ্যাম। ভোট লুঠ। বাংলায় বিভিন্ন ভোটে এইসব অভিযোগ ওঠে। বুথে সিসিটিভি বন্ধ করে ছাপ্পা ভোটের অভিযোগে সরবও হন নেতারা। এইসব বন্ধে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বুথে ছাপ্পা ভোট বন্ধে সবরকম পদক্ষেপের কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলায় এসে তিনি জানিয়ে গেলেন, কোন কোন কারণে বুথে পুনর্নির্বাচন হবে।

রবিবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পৌঁছেছিল রাজ্যে। সোমবার রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে কমিশন। আর মঙ্গলবার দিল্লি ফেরত যাওয়ার আগে বাংলায় সুষ্ঠুভাবে নির্বাচন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সাংবাদিক বৈঠকে তা জানিয়ে গেলেন জ্ঞানেশ কুমার। আসন্ন বিধানসভা নির্বাচনে অশান্তি দেখলে যে বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিলেন তিনি। এমনকি নির্বাচনের আগেই পুনর্নির্বাচন কোথায় হবে, তাও জানিয়ে গেলেন।

কী বললেন মুখ্য নির্বাচন কমিশনার? তিনি জানিয়েছেন, এবার প্রতি বুথে থাকছে সিসিটিভি, ওয়েব কাস্টিং। শুধু বুথের ভিতরে নয়, বুথের বাইরেও থাকবে। এর আগেও বুথের ভিতরে সিসিটিভি ছিল। এমন বুথেও গন্ডগোল হয়েছে। বহু বুথে সিসিটিভির উপরে চুইনগাম দিয়ে কিংবা সিসিটিভি বিকল করে বুথ জ্যাম করা হয়েছে। সেবিষয়ে ওয়াকিবহাল হয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সিসিটিভি বিকল করে দেওয়া হয়েছে দেখলেই সেই বুথে সঙ্গে সঙ্গে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেবে কমিশন। বাইরেও ঝামেলার ছবি দেখলে কমিশনে বসেই সেই বুথে পুনর্নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে।

গতকাল জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠকে বারবার এটা বুঝিয়ে দিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকমই পদক্ষেপ করা হবে। তারপরও বুথে সিসিটিভি বিকল করে ছাপ্পা ভোট হলে, পুনর্নির্বাচনের পথে হাঁটা হবে বলে জানিয়ে দিলেন। ওয়াকিবহাল মহল বলছে, সিসিটিভি বন্ধ করে ছাপ্পা ভোটের যে অভিযোগ বাংলায় ওঠে, এবার যে তা আর হবে না, বাংলা সফরে এসে সেই বার্তাই দিয়ে গেলেন জ্ঞানেশ কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *