Balurghat: বালুরঘাটে ৫০ টি পরিবারের মহিলারা ছাড়লেন তৃণমূল, যোগ দিলেন বিজেপিতে - 24 Ghanta Bangla News
Home

Balurghat: বালুরঘাটে ৫০ টি পরিবারের মহিলারা ছাড়লেন তৃণমূল, যোগ দিলেন বিজেপিতে

Spread the love

Balurghat: বালুরঘাটে ৫০ টি পরিবারের মহিলারা ছাড়লেন তৃণমূল, যোগ দিলেন বিজেপিতে

বালুরঘাট: এখনও ভোটের দিন ঘোষণা হয়নি। হতে পারে খুব শীঘ্রই। তবে বাংলার রাজনীতিতে পালা বদল চলছেই। এবার উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে প্রায় ৫০ টি পরিবারের মহিলারা যোগদান করল বিজেপিতে (BJP)। মূলত, বালুরঘাট বিধানসভা ও তপন বিধানসভার মহিলারা এদিন বিজেপিতে যোগদান করেন।

বুধবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী পম্পি দাস ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার। বিধানসভা নির্বাচনের আগে মহিলারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় দলের শক্তি আরো বৃদ্ধি পেল বলে জেলা বিজেপি নেতৃত্বের দাবি। যদিও, জেলা মহিলা তৃণমূলের দাবি তাদের কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেনি।

সদ্য বিজেপিতে যোগদানকারীদের দাবি, পশ্চিমবঙ্গে তথা দক্ষিণ দিনাজপুরে মহিলারা সুরক্ষিত নন। বর্তমান রাজ্য সরকার মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও স্বনির্ভর গোষ্ঠীর অধিকার থেকে বঞ্চিত করছে। তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

জেলা বিজেপির দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলারা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন। মূলত এই কারণেই এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ ডঃ সুকান্ত মজুমদারের হাত শক্ত করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস ছেড়ে এই মহিলারা বিজেপিতে যোগদান করেছেন। যোগদানকারী রাজশ্রী পাহান বলেন, “রাজ্যে আমরা কেউ সুরক্ষিত নই। সেই কারণে এই যোগদান করলাম আমরা।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *