Kunal Ghosh : রাহুল গান্ধীর ‘সিজিএম’ তত্ত্বকে সমর্থন কুণালের, ভোটের আগে তৈরি হতে চলেছে নয়া সমীকরণ? - 24 Ghanta Bangla News
Home

Kunal Ghosh : রাহুল গান্ধীর ‘সিজিএম’ তত্ত্বকে সমর্থন কুণালের, ভোটের আগে তৈরি হতে চলেছে নয়া সমীকরণ?

Spread the love

Kunal Ghosh : রাহুল গান্ধীর ‘সিজিএম’ তত্ত্বকে সমর্থন কুণালের, ভোটের আগে তৈরি হতে চলেছে নয়া সমীকরণ?

কলকাতা : রাজনীতিতে বারবার উঠে আসে সেটিং তত্ত্ব। ভোট আসলেই সেই তত্ত্ব যেন আরও বেশি করে নেতা-নেত্রীদের মুখে শোনা যায়। এই যেমন তৃণমূলের নেতা-নেত্রীদের প্রায়ই বলতে শোনা যায়, বাম-রাম সেটিং। এদিকে, সিপিএম বলে ‘বিজেমূল’, যদিও বর্তমানে এই শব্দ ব্যবহার করা আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে তারা। আবার সিপিএম এবং তৃণমূলকে একত্র করে ‘সিপেমূল’ বলছে বিজেপি। এবার সেই সেটিং তত্ত্বে রাহুল গান্ধীও সিপিএম-বিজেপিকে জুড়ে দিলেন। অর্থাৎ যাহাই সিপিএম, তাহাই বিজেপি। দুই দলকে একসঙ্গে জুড়ে দিয়ে নতুন নাম দিলেন সিজিএম। এদিকে, রাহুল গান্ধীর এই মন্তব্যকে সমর্থন করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।

চলতি বছর কেরলমে রয়েছে বিধানসভা নির্বাচন। সেখানেই ভোটপ্রচার করতে গিয়ে রাহুল গান্ধী বিজেপি-সিপিএম-কে একসূত্রে বেঁধে কড়া ভাষায় আক্রমণ করেছেন। রাহুল গান্ধী বলেন, “নরেন্দ্র মোদী ও পিনারাই বিজয়ন কেরলমে একসঙ্গে কাজ করছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করছে না কেন্দ্র। এর কারণ সেখানে সিপিএম এবং বিজেপি একসঙ্গে কাজ করছে। ওরা সিপিএম-বিজেপি নয়। ওরা সিজেপি।”

রাহুল গান্ধীর এই প্রসঙ্গ টেনেই কুণাল ঘোষ একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে লেখেন, “কেরলের সভায় রাহুল গান্ধী বললেন, ‘সিপিএম আর বিজেপি এক। ওটার নাম সিজেপি।’ অবশ্য এই কথাটা বাংলা অনেক আগেই বুঝেছে।”

ভোটের আগে, রাহুল গান্ধীর সুরে কুণাল হঠাৎ সুর মেলাতেই নানারকম প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে। কেরলমে প্রধান বিরোধী দল কংগ্রেস। রাজ্য সরকারের বিরোধিতা করে সিজিএম সেটিং তত্ত্ব খাঁড়া করার বিষয়টিতে কোনওরকম অস্বাভাবিকতা দেখছে না রাজনৈতিক মহলের একাংশ। সেখানে কেন কুণাল ঘোষ হঠাৎ রাহুল গান্ধীকে সমর্থন করলেন? এখানে একটা নতুন জল্পনা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি নিয়েছে কংগ্রেস। বামেদের সঙ্গে দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক ছিন্ন করেছে তারা। কংগ্রেসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাংলা ভোটে তাঁরা এবার একাই লড়বেন। এদিকে গোলাম নবী বলেছিলেন, কংগ্রেসের আগামী দিনের পদক্ষেপ কী হতে চলেছে, সেই বিষয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। তাহলে কি রাহুল গান্ধীর ঘাড়ে বন্দুক রেখে কি কুণাল ঘোষ এটাই স্পষ্ট করতে চাইলেন যে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে একটা আলোচনার জায়গা তৈরি হচ্ছে আগামীদিনে? এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *