শমীকের নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’, কাকে দেখা যাবে?

পরিচালক শমীক রায়চৌধুরী নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করছেন আজ। নাম ‘তারকাটা’। বিক্রম চ্যাটার্জি ফিল্মস-এর প্রথম কাজ এটা। বাংলায় প্রথম সারির নায়কদের সকলের প্রায় নিজের প্রযোজনা সংস্থা রয়েছে। এবার বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজনায় এলেন। ওয়েব সিরিজে একজন প্রাক্তন পুলিশ কর্তা নিজের শিকড়ে ফিরে আসে, একটা জটিল মৃত্যু-রহস্যের কিনারা করতে। এই ঘটনার সঙ্গে কি তাঁর অতীতের যোগ রয়েছে? তা ক্রমশ প্রকাশ্য। অ্যাকশনে ভরপুর এই সিরিজের পরতে-পরতে ডার্ক হিউমার, দর্শকদের আকর্ষণ করবে, তেমনই বার্তা নির্মাতাদের তরফে।
প্রযোজক-প্রটাগনিস্ট বিক্রম চট্টোপাধ্যায় বলছেন, ”’তারকাটা’ ডার্ক হিউমারের কারণেই খুব মজার হতে চলেছে। এই গল্পের প্রটাগনিস্ট অগ্নি। সেই চরিত্রটার মধ্যেও বিভিন্ন স্তরে অদ্ভুত মজা আছে। এটাই হয়তো সবচেয়ে মজার একটা চিত্রনাট্য যেটায় আমি কাজ করছি। হয়তো কোনওদিন এত মজার কোনও চিত্রনাট্যে কাজ করিনি। এটা আমার প্রথম প্রযোজনা, তাই এই ওয়েব সিরিজ আমার কাছে আরও স্পেশ্যাল।” বিক্রমের পাশাপাশি এই ওয়েব সিরিজে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, মেইয়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য, আয়ুষ দাসকে। একটা চমকপ্রদ চরিত্র করার জন্য প্রস্তাব গিয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কাছে।
জি ফাইভ-এ দেখা যাবে এই ওয়েব সিরিজ। বিজনেস হেড রুশা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”’তারকাটা’-র কাস্টিং নজরকাড়া। এমন একটা পৃথিবীর সঙ্গে এই ওয়েব সিরিজে দর্শকদের পরিচয় হবে, যেটা সম্পর্কে তাঁরা পরিচিত, কিন্তু অচেনা। যে টিম আমরা গড়ে তুলেছি ওয়েব সিরিজ করার জন্য, সেটাই দারুণ মজার কিছু সৃষ্টি করতে সক্ষম, তেমন প্রত্যাশা রয়েছে।”
পরিচালক শমীক বলছেন, ”এই ওয়েব সিরিজের কনসেপ্ট ভিক্টর মুখোপাধ্যায় নিয়ে এসেছিলেন। আমাদের সকলের খুব ভালোলাগে তার স্বাদ। তারপর সেটার চিত্রনাট্য তৈরি করেছি। খুব মজার চিত্রনাট্য। বিক্রমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। বিক্রম নিজে অভিনয় করছে এবং প্রযোজক হিসাবে সংবেদনশীল। প্রিয়াঙ্কার সঙ্গে এটা আমার চার নম্বর কাজ। মেইয়াং চ্যাং দারুণ একজন মানুষ। ওঁর সঙ্গে বহু কথা হয়েছে এই কাজটা নিয়ে। সৃজিতদাকে একটা চরিত্র করার প্রস্তাব দিয়েছি কারণ এত নামী হওয়ার পাশাপাশি আমার খুব কাছের মানুষ। দেবেশ রায়চৌধুরীর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। আয়ুষের সঙ্গে দ্বিতীয় কাজ। আসলে যতজন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, সকলেই বেশ গুণী। বিনোদনে ভরা একটা ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের সামনে আসতে চাই।”