বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ১৮ কোটিতে বিক্রি করলেন প্রীতি জিন্টা! পাকাপাকি ভারত ছাড়ছেন? - 24 Ghanta Bangla News
Home

বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ১৮ কোটিতে বিক্রি করলেন প্রীতি জিন্টা! পাকাপাকি ভারত ছাড়ছেন?

Spread the love

বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ১৮ কোটিতে বিক্রি করলেন প্রীতি জিন্টা! পাকাপাকি ভারত ছাড়ছেন?

প্রীতি জিন্টা বর্তমানে ঘরনি হিসেবে বিদেশে থিতু হলেও, মুম্বইয়ের রিয়েল এস্টেট বাজারে তাঁর দাপট কমেনি। সম্প্রতি মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলসে অবস্থিত নিজের একটি আলিশান অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন অভিনেত্রী। ১৮.৫ কোটি টাকার এই লেনদেন ঘিরেই এখন সরগরম টিনসেল টাউন।

জানা গিয়েছে, পালি হিলসের একটি হাইরাইজ বিল্ডিংয়ের ১১ তলায় অবস্থিত এই ফ্ল্যাটটি প্রায় ১,৭৭০ বর্গফুটের। আবাসনটি পুনর্নির্মাণের পর প্রীতি নতুনভাবে এর মালিকানা পেয়েছিলেন। ক্রেতারা হলেন ভারতীয় বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিক— প্রিয়া নাগর এবং রাজীব নাগর। গত ২ মার্চ এই সম্পত্তির আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

আশ্চর্যের বিষয় হল, গত নভেম্বর মাসেই (২০২৫) একই বিল্ডিংয়ের ১১ তলায় নিজের অন্য একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন প্রীতি। ১,৪৭৪ বর্গফুটের সেই অ্যাপার্টমেন্টটির দাম ছিল ১৪ কোটি টাকা। মাত্র চার মাসের ব্যবধানে দুটি বড় সম্পত্তি বিক্রি করে দেওয়ায় ভক্তদের মনে সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, প্রীতি কি মুম্বইয়ে আরও বড় কোনও বিনিয়োগ বা ১০০ কোটির ওপর কোনও বিলাসবহুল বাংলো কেনার পরিকল্পনা করছেন? নাকি তিনি চিরতরে মুম্বইয়ের পাট গুটিয়ে বিদেশে থিতু হতে চাইছেন?

অভিনেত্রী নিজে এই বিষয়ে এখনও মুখ খোলেননি। তবে ওয়াকিবহাল মহলের মতে, ভারত বা মুম্বইয়ের সঙ্গে প্রীতির সম্পর্ক ছিন্ন হওয়া কার্যত অসম্ভব। কারণ রুপালি পর্দা থেকে দূরে থাকলেও আইপিএল দল ‘পাঞ্জাব কিংস’-এর মালকিন হিসেবে তাঁকে বছরের একটা বড় সময় ভারতেই কাটাতে হয়। এছাড়া তাঁর একাধিক বাণিজ্যিক স্বার্থও এই দেশের মাটির সঙ্গে জড়িয়ে।

পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অনুরাগীরা এখন দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন। সম্পত্তির এই হাতবদল কি কোনও নতুন ছবির ইঙ্গিত, নাকি নিছকই বাণিজ্যিক লাভ— তার উত্তর হয়তো সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *