Youth Computer training Centre: AI নিয়ে পড়াশোনা করতে চান? যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেই হবে বাজিমাত - 24 Ghanta Bangla News
Home

Youth Computer training Centre: AI নিয়ে পড়াশোনা করতে চান? যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেই হবে বাজিমাত

Youth Computer training Centre: AI নিয়ে পড়াশোনা করতে চান? যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রেই হবে বাজিমাত

কলকাতা: পশ্চিমবঙ্গের যুবকদের আধুনিক প্রযুক্তি শিক্ষায় আরও এগিয়ে দিতে বড় উদ্যোগ নিল রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর। রাজ্যের বিভিন্ন ইয়ুথ কম্পিউটার ট্রেনিং সেন্টার বা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এবার শুরু হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক একাধিক নতুন কোর্স। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), ডেটা সায়েন্স (Data Science), পাইথন প্রোগ্রামিং (Python Programming), এবং ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)-র মতো বিষয় এবার পড়ানো হবে রাজ্যের বিভিন্ন YCTC-তে। এই উদ্যোগের লক্ষ্য, রাজ্যের যুব সমাজকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর চাকরির বাজারের জন্য আরও দক্ষ করে তোলা।

রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা যুব কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলি দীর্ঘদিন ধরে সাধারণ কম্পিউটার শিক্ষা দিয়ে আসছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রের চাহিদা দ্রুত বদলেছে। এই পরিস্থিতিতে রাজ্যের যুব কল্যাণ দফতর সিদ্ধান্ত নিয়েছে, YCTC-গুলিতে চালু করা হবে অ্যাডভান্সড টেকোনলজি কোর্সেস (Advanced Technology Courses)। এই কোর্সগুলির মধ্যে রয়েছ AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স (Data Science), পাইথন প্রোগ্রামিং (Python Programming), এবং ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)-র উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স।

৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের এই কোর্সগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ পাবে। তবে রাজ্যের অনেক YCTC-তেই বিশেষজ্ঞ শিক্ষক ও উন্নত প্রশিক্ষণ পরিকাঠামোর অভাব রয়েছে, বিশেষ করে কলকাতার বাইরে। সেই সমস্যার সমাধান করতেই নেওয়া হয়েছে নতুন ডিজিটাল উদ্যোগ।

এই প্রকল্পের আওতায় একটি কেন্দ্রীয় ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে থাকবে, অনলাইন ক্লাস, বিশেষজ্ঞ প্রশিক্ষক, আধুনিক পাঠ্যবস্তু, শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। ফলে রাজ্যের সব YCTC-তে একই মানের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

রাজ্যের যুব কল্যাণ দফতরের মতে, এই উদ্যোগের ফলে জেলার ছাত্রছাত্রীরাও এখন অত্যাধুনিক প্রযুক্তি শিক্ষার সুযোগ পাবে। বিশেষজ্ঞদের মতে, Artificial Intelligence, Data Science বা Digital Marketing-এর মতো বিষয়ের উপর দক্ষতা অর্জন করলে আগামী দিনে চাকরি ও কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বাড়বে।

রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে এই উদ্যোগ। প্রযুক্তি শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলতে এই প্রকল্প কতটা সফল হয়, এখন সেদিকেই নজর রাজ্যের শিক্ষা মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *