বুমরাই আজ জয়ের দাবীদার, মানছেন প্রাক্তন কোচ থেকে দেশবাসী! - 24 Ghanta Bangla News
Home

বুমরাই আজ জয়ের দাবীদার, মানছেন প্রাক্তন কোচ থেকে দেশবাসী!

বুমরাই আজ জয়ের দাবীদার, মানছেন প্রাক্তন কোচ থেকে দেশবাসী!

কলকাতা : আহমেদাবাদ স্টেডিয়ামে ঢোকার মুখেই যে বড় রাস্তাটা, সেটা বন্ধ রয়েছে বহুক্ষণ আগে থেকেই। ধীরেধীরে গুজরাটের সমস্ত ভিড়ই স্টেডিয়ামমুখী। যেরকম ভাবে ডার্বির সময় যুবভারতীর দিকে অগ্রগামী হয় একের পর এক সমর্থকভর্তি বাস, টেম্পো, ম্যাটাডোর, সেভাবেই আজ ‘অল রোডস লিড টু স্টেডিয়াম’। বুমরা, হার্দিক, সন্জুদের সাফল্যকামনায় মনোনিবেশ করেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের ঠেক – সর্বস্থানে কান পাতলেই শুধু বিশ্বকাপ আর বিশ্বকাপ। আর হবে নাই বা কেন ? টি টোয়েন্টি ক্রিকেটের সবথেকে সফল দল হিসেবে আজ মাঠে নামবেন সূর্যকুমাররা। বিপক্ষে থাকা কিউয়িদের বিরুদ্ধে ভারতের রেকর্ড খুব একটা আশানুরূপ নয়। ২০০৭, ২০১৬, ২০২১ – তিন বারেই পরাজিত হতে হয়েছে ভারতকে।

আজ চর্চায় থাকবেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ড ম্যাচে তাঁর করা ১৮তম ওভার ম্যাচের ফারাক গড়ে দেয়। মাত্র ৬ রান দিয়েছিলেন তিনি। তাঁকে নিয়েই আশাবাদী তাঁর ছোটবেলার স্কুল নির্মাণ হাইস্কুল। ছোট থেকেই বুমরার মন ছিল ক্রিকেটেই। খুব একটা মনোযোগী স্টুডেন্ট ছিলেন না তিনি। স্কুলে পড়ার সময়ই তৎকালীন কোচ কিশোর ত্রিবেদীর নজর পড়ে বুমরার ওপরে। বুমরাকে কিশোর বলেছিলেন, নিজের বোলিং অ্যাকশন না বদলাতে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন,”বুমরার সবথেকে বড় স্ট্রং পয়েন্ট হল, ওর কোন বল ইনসুইং হবে, কোনটা আউটসুইং হবে, বোঝা দুষ্কর।” ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহী হলেও ক্রিকেট শিক্ষা শুরু হয় একটু দেরিতে। প্রথমে বাউন্সার করার দিকে আগ্রহী ছিলেন বুমরা। কিন্তু, তাঁর বল খেলা সহজ হয়ে যেত ব্যাটারদের জন্য। তারপর নিজের পরিশ্রমের জোরেই ক্রমশ বাউন্সার থেকে ইয়র্কারকে নিজের অস্ত্র বানান বুম বুম। আজ দেখুন, বিশ্বের শ্রেষ্ঠ বোলারদের মধ্যে বুমরা একজন। বুমরার ফাইনাল ম্যাচে পারফরম্যান্স নিয়ে আশাবাদী তাঁর স্কুল ও তাঁর প্রাক্তন কোচ।

আহমেদাবাদের মাঠে ইতিমধ্যেই জড়ো হচ্ছেন ভক্তরা। টিকিটের হাহাকার পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে। অতি উৎসাহী ভক্ত বেশি দামে টিকিট কাটতেও রাজি। এদিকে ম্যাচ ও মাঠ নিয়ে যাবতীয় কুসংস্কার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই অযৌক্তিক দাবি ওড়ানোর আশাতেই মাঠে নামবেন সূর্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *