বাদশার গানে নারীদের অপমান! মহিলা কমিশনের অভিযোগের পর আরও বিপাকে গায়ক - 24 Ghanta Bangla News
Home

বাদশার গানে নারীদের অপমান! মহিলা কমিশনের অভিযোগের পর আরও বিপাকে গায়ক

Spread the love

বাদশার গানে নারীদের অপমান! মহিলা কমিশনের অভিযোগের পর আরও বিপাকে গায়ক

ঝকঝকে মিউজিক ভিডিও, কান ফাটানো বিট আর চার্টব্লাস্টার গান— বাদশার সাফল্যের রসায়ন এটাই। কিন্তু এবার সেই সাফল্যের গাণিতিক হিসেবে বাধা হয়ে দাঁড়াল আইনের ধারাপাত। সদ্য মুক্তি পাওয়া হরিয়ানভি মিউজিক ভিডিও ‘টটীরী’ (Tateeree)-তে নারী শরীর নিয়ে কুরুচিকর ইঙ্গিত এবং অশ্লীল শব্দ ব্যবহারের অভিযোগে রীতিমতো কোণঠাসা এই জনপ্রিয় গায়ক। হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের পর এবার পুলিশের খাতায় তাঁর বিরুদ্ধে দায়ের হল মামলা।

সূত্রের খবর, হরিয়ানার পঞ্চকুলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ২৯৬ নম্বর ধারা এবং ‘নারীর অশ্লীল উপস্থাপনা (নিষেধ) আইন ১৯৮৬’-এর ৩ ও ৪ নম্বর ধারায় অভিযোগ নথিভুক্ত হয়েছে। এই ধারাগুলো কতটা গুরুতর, তা একবার দেখে নেওয়া যাক, ধারা ২৯৬: জনসমক্ষে অশ্লীল কাজ বা গানের জন্য এই ধারায় তিন মাসের কারাদণ্ড বা জরিমানা হতে পারে। ৩ ও ৪ নম্বর ধারা- বিজ্ঞাপন, গান বা প্রকাশনায় নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করলে প্রথমবার দোষী সাব্যস্ত হলে দু’বছরের জেল এবং ২ হাজার টাকা জরিমানা হতে পারে। অপরাধের পুনরাবৃত্তি হলে শাস্তির মেয়াদ বেড়ে ৫ বছর এবং জরিমানার অঙ্ক ১ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

র‍্যাপার বাদশার এই নতুন মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে স্কুল ইউনিফর্ম পরা একদল ছাত্রীকে। অভিযোগ, তাঁরা স্কুলের ব্যাগ কাঁধ থেকে নামিয়ে যেভাবে শরীরী হিল্লোলে মেতেছেন, তা কেবল অশালীনই নয়, বরং সমাজে অত্যন্ত নেতিবাচক বার্তা পাঠায়। সেই সঙ্গে গানের লিরিক্সে ব্যবহৃত ‘যৌনগন্ধী’ শব্দগুলো নিয়ে সরব হয়েছেন সংস্কৃতিমনস্ক মানুষরা।

শুক্রবার পঞ্চকুলার সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামে এক ব্যক্তি প্রথম অভিযোগ জানালেও, বিতর্ক চরম আকার নেয় হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের হস্তক্ষেপে। চেয়ারপার্সন রেণু ভাটিয়া স্বতঃপ্রণোদিত হয়ে এই বিষয়ের তদন্ত শুরু করেছেন। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতি ও রীতিনীতির সঙ্গে এই ধরণের ভিডিও একেবারেই বেমানান। তিনি প্রশ্ন তুলেছেন, শৈশব আর শিক্ষার প্রতীক ‘স্কুল ড্রেস’ পরে এমন নৃত্য পরিবেশন কোন ধরণের বিনোদন?

আপাতত পঞ্জাবি এই গায়কের ভবিষ্যৎ ঝুলে রয়েছে আগামী ১৩ মার্চ তারিখের ওপর। ওই দিন সকাল ১১টায় পানিপথের ডিসি অফিসে শুনানির জন্য তলব করা হয়েছে বাদশাকে। প্রশাসনের নির্দেশে পুলিশকে নিশ্চিত করতে বলা হয়েছে যাতে গায়ক সশরীরে সেখানে উপস্থিত থাকেন।

গানের জগতে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও, নীতি-নৈতিকতার প্রশ্নে বাদশার এই ‘টটীরী’ সফর তাঁকে বড়সড় সংকটের মুখে দাঁড় করিয়ে দিল। এখন দেখার, শুনানির দিনে নিজের স্বপক্ষে কী যুক্তি সাজান এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *