Burdwan: 'প্রয়োজন হলে কব্জি কেটে নেওয়া হবে', নেতার মন্তব্যে তুঙ্গে তরজা - Bengali News | Burdwan BJP leader attacks TMC, says hands will be cut if needed - 24 Ghanta Bangla News
Home

Burdwan: ‘প্রয়োজন হলে কব্জি কেটে নেওয়া হবে’, নেতার মন্তব্যে তুঙ্গে তরজা – Bengali News | Burdwan BJP leader attacks TMC, says hands will be cut if needed

Spread the love

গলসি: দলের কর্মীকে মারধরের ঘটনায় পাল্টা কব্জি কেটে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার। পূর্ব বর্ধমানের গলসিতে বিজেপির দুই কর্মীকে মারধরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির বিক্ষোভের মধ্যেই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা রাজু পাত্র।

বিধানসভা ভোটের আবহে বিজেপি নেতা বলেন, “পাল্টা মানে গুড় বাতাসা বা মিষ্টি দেবেন না। কর্মীদের মাথায় স্টিচ পড়লে তার পা হাত ভেঙে, প্রয়োজন হলে হাতের কব্জি কেটে নেবে।” তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা।

গত ৩ মার্চ গলসির মহড়া গ্রামে বিজেপি কর্মী বাপন কারক ও হেমন্ত ঘোষকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। মেরে মাথা ও পা ফাটিয়ে দেওয়া হয় হেমন্তর। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে আদ্রাহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি। ইতিমধ্যেই পুলিশ লক্ষণ ঘোষ ওরফে সুশীল নাম একজনকে গ্রেফতার করেছে।

এদিকে কব্জি কেটে নেওয়ার হুঁশিয়ারির পাল্টা তোপ দেগেছে গলসি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈলেন হালদার। তিনি জানান, এক মহিলার শ্লীতাহানির প্রতিবাদ করে তাঁর পরিবারের লোক। এখানে কোনও রাজনীতি নেই। কব্জি কেটে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “একটা সময় সিপিএম-কংগ্রেস ও তৃণমূলের লোকদের কব্জি কেটে দিত। যিনি এই কথা বলছেন তাঁর অতীত ঘাঁটলে দেখা যাবে তাঁর শরীরে বামেদের রক্তই বয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *