অরিজিৎ সিংয়ের বাড়িতে সলমনের বান্ধবী লুলিয়া! জিয়াগঞ্জে কী কী ঘটল? - 24 Ghanta Bangla News
Home

অরিজিৎ সিংয়ের বাড়িতে সলমনের বান্ধবী লুলিয়া! জিয়াগঞ্জে কী কী ঘটল?

অরিজিৎ সিংয়ের বাড়িতে সলমনের বান্ধবী লুলিয়া! জিয়াগঞ্জে কী কী ঘটল?

বলিউডে কান পাতলেই শোনা যায় সেই বিখ্যাত সংঘাতের কথা। এক অ্যাওয়ার্ড শো-র মঞ্চে সলমন খানের সঙ্গে অরিজিৎ সিংয়ের সেই ‘তর্ক’ আজও ভোলেনি ভক্তরা। দীর্ঘ কয়েক বছর ঠান্ডা লড়াই চলার পর সম্প্রতি তাঁদের বরফ গলেছে। কিন্তু সেই সমীকরণ কি এখনও পুরোপুরি স্বাভাবিক? জল্পনা উসকে এবার খোদ সলমন খানের চর্চিত বান্ধবী লুলিয়া ভান্তুর পৌঁছে গেলেন অরিজিৎ সিংয়ের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাড়িতে।

শত্রুর সঙ্গে বন্ধুত্ব কি তবে এবার সলমনের ঘর থেকেই শুরু হল? লুলিয়া ও অরিজিৎ হাত মিলিয়েছেন তাঁদের নতুন গান ‘তেরে সং’-এর জন্য। আর এই গানের সুবাদেই সোজা গায়কের গ্রামের বাড়িতে হানা দিলেন লুলিয়া। বিদেশের ঝাঁ চকচকে পরিবেশ বা মুম্বইয়ের গ্ল্যামার নয়, অরিজিতের সাধারণ জীবনযাপন দেখেই কার্যত তাজ্জব লুলিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ওর গ্রামের বাড়ি গিয়েছিলাম। ভাবতেই পারিনি গ্রামটা এত সুন্দর হবে। রাস্তার মোড়ের ছোট ছোট দোকান, সাধারণ মানুষের কাজের ব্যস্ততা। সব মিলিয়ে সুন্দর জায়গায় থাকেন অরিজিৎ।”

অরিজিতের সঙ্গে দেখা করার আগে বেশ বুক ঢিপঢিপ করছিল লুলিয়ার। ইন্ডাস্ট্রিতে সলমন আর অরিজিতের পুরনো ইগোর লড়াইয়ের ইতিহাস সম্পর্কে কি জানতেন তিনি? লুলিয়া জানান, “প্রচণ্ড নার্ভাস ছিলাম। কিন্তু অরিজিৎ এতটাই অমায়িক যে ওর সঙ্গে কথা বললেই সব ভয় কেটে যায়।” অথচ এই অরিজিৎকেই একসময় সলমনের রোষানলে পড়তে হয়েছিল, বাদ পড়েছিলেন ভাইজানের ছবির গান থেকেও। এখন লুলিয়ার গলায় অরিজিতের প্রশংসা শুনে অনেকেই মনে করছেন, এবার হয়তো অরিজিৎ সলমনের সম্পর্ক আরও একটু ভালো হবে।

জিয়াগঞ্জের মেঠো পথে ঘুরতে ঘুরতে লুলিয়া যেন ভুলে গিয়েছিলেন তিনি বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের সঙ্গী। অরিজিতের এই নিজস্ব ‘ইউনিভার্স’ লুলিয়াকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি এখন গায়কের গুনগানে পঞ্চমুখ। সলমন আর অরিজিতের সম্পর্কের রসায়ন যাই হোক না কেন, লুলিয়া যে অরিজিতের কন্ঠে মুগ্ধ তা তাঁর কথায় স্পষ্ট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *