অভিষেককে সমর্থন করলে বরুণকেও করুন, শেওয়াগের বার্তা ভারতকে! - 24 Ghanta Bangla News
Home

অভিষেককে সমর্থন করলে বরুণকেও করুন, শেওয়াগের বার্তা ভারতকে!

Spread the love

অভিষেককে সমর্থন করলে বরুণকেও করুন, শেওয়াগের বার্তা ভারতকে!

কলকাতা: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরই সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। তবে এই সমালোচনার মধ্যেই তাঁর পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেওয়াগ। তাঁর মতে, যেভাবে টুর্নামেন্ট জুড়ে ব্যাটার অভিষেক শর্মাকে সমর্থন করে যাচ্ছে ভারতীয় দল, একইভাবে বরুণকেও সমর্থন করা উচিত। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে চার ওভারে ৬৪ রান হজম করেন বরুণ। এর ফলে শেষ চার ম্যাচে তিনি মোট ১৮৬ রান দিয়ে ফেলেছেন। যদিও টুর্নামেন্টের শুরুটা তাঁর জন্য দারুণ ছিল। প্রথম চার ম্যাচেই ৯টি উইকেট তুলে নিয়ে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সুপার এইট পর্বে এসে তাঁর পারফরম্যান্স কিছুটা ম্লান হয়ে যায়।

অন্যদিকে, ব্যাটার অভিষেক শর্মাও এখনও পর্যন্ত টুর্নামেন্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি। সাত ম্যাচে তাঁর মোট রান মাত্র ৮৯। ইংল্যান্ডের বিরুদ্ধেও তিনি ব্যর্থ হন। তবুও দলের পক্ষ থেকে তাঁকে নিয়মিত সমর্থন করা হচ্ছে। এই বিষয়টিই তুলে ধরেছেন শেওয়াগ। সেহওয়াগ বলেন, “অভিষেক শর্মাও খুব ভালো করছে না। যদি তাঁকে সমর্থন করা যায়, তাহলে একজন বোলারকে সমর্থন করতে সমস্যা কোথায়? সমালোচনা করা অনেকের কাজ। একজন ব্যাটার যদি শেষ পাঁচ, ছয় ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি করে থাকে এবং তবুও তাকে খেলানো হয়, তাহলে একজন বোলার তিন ম্যাচে রান দিয়েছে বলে তাকে বাদ দেওয়ার কথা কেন ভাবা হবে? নতুন যে বোলারকে আনা হবে, সে আরও ভালো করবে তার নিশ্চয়তা কোথায়?”

বরুণের পারফরম্যান্স নিয়ে আরও কথা বলতে গিয়ে শেওয়াগ জানান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচগুলিতে পিচ যথেষ্ট ব্যাটিং সহায়ক ছিল। সেই পরিস্থিতিতে রান খাওয়া অস্বাভাবিক কিছু নয় বলেই মনে করেন তিনি। শেওয়াগের কথায়, “ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যে পিচে খেলা হয়েছে, সেগুলো ছিল বেশ ফ্ল্যাট। তবুও বরুণ অন্তত একটি করে উইকেট পেয়েছে। অনেক সময় বোলারা রান দেয়, কিন্তু কোনও উইকেটই পায় না।” সমালোচনা থাকলেও পরিসংখ্যান কিন্তু বরুণের পক্ষেই কথা বলছে। আট ম্যাচে ১৩টি উইকেট নিয়ে তিনি এই টুর্নামেন্টের যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারি। তাই গুরুত্বপূর্ণ ফাইনালের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর উপর ভরসা রাখবে কিনা, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *