‘আমার মৃত্যুর জন্য পরিবারই দায়ী থাকবে’, ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়লেন জনপ্রিয় ইউটিউবার – Bengali News | Youtuber anurag dobhal posts video alleging torture by parents
গ্ল্যামার আর জনপ্রিয়তার আড়ালে লুকিয়ে ছিল চরম পারিবারিক অশান্তি ও মানসিক যন্ত্রণা। অবশেষে সেই বিস্ফোরণ ঘটালেন জনপ্রিয় ইউটিউবার অনুরাগ ডোভাল। নিজের প্রেমিকা রিতিকাকে ভালোবেসে বিয়ে করলেও, ভিন্ন জাতে (Inter-caste) বিয়ে করার অপরাধে পরিবার তাঁকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। ইউটিউবে শেয়ার করা একটি ভিডিওতে তাঁকে অঝোরে কাঁদতে দেখা গিয়েছে।
অনুরাগ তাঁর ইউটিউব ভিডিওর স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “দ্য লাস্ট মেসেজ” (শেষ বার্তা)। প্রায় দু-ঘন্টার দীর্ঘ এক ভিডিওতে অনুরাগকে বলতে শোনা যায়, “গত কয়েক মাসে আমার জীবনটা এতটা বদলে গিয়েছে যে আমি কখনও ভাবিনি জীবন আমাকে এভাবে আছাড় মেরে ধুলোয় মিশিয়ে দেবে।”
অনুরাগের দাবি, তাঁর স্ত্রী রিতিকাও তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। বর্তমানে তিনি এতটাই অবসাদগ্রস্ত যে আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথাও ভাবছেন। ভিডিওতে তিনি সরাসরি নিজের বাবা-মা ও ভাই-বোনের নাম উল্লেখ করে বলেন, “আমার মৃত্যুর জন্য মা, বাবা, কালাম (ভাই) এবং শ্রেয়া দায়ী থাকবে। আমার আর কিছুই করার নেই। আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ভিডিয়োর পর হয়তো আমি চিরতরে হারিয়ে যাব। আমি শুধু একটু ঘুমোতে চাই। পাঁচ দিন ধরে কিছু খাইনি, আমার মস্তিষ্ক আর কাজ করছে না।”
কেন এই সংঘাত?
অনুরাগের অভিযোগ, রিতিকার সঙ্গে তাঁর বিয়ে মেনে নিতে পারেনি তাঁর পরিবার। যেহেতু এটি একটি ভিন্ন জাতের বিয়ে ছিল, তাই তাঁদের বাড়িতে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে ক্রমাগত মানসিক চাপ ও হেনস্তাই তাঁকে এই চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগের এই ভিডিও ভাইরাল হতেই উদ্বেগে তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। নেটিজেনদের একাংশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে দ্রুত অনুরাগের খোঁজ নেওয়া হয় এবং তাঁকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।