T20 World Cup : শেষ চারে কাল সামনে শক্তিশালী ইংল্যান্ড, ফিল্ডিং চিন্তায় রাখছে ভারতকে! – Bengali News | India bowling coach Morne Morkel is worried about the fielding
কলকাতা : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আগামীকাল ভারতীয় দল মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ডের। এই নিয়ে টানা ৩ বার ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ের আগে ভারতের চিন্তা ফিল্ডিং। দলের বোলিং কোচ মর্নি মর্কেল সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিলেন, ফিল্ডিংই চিন্তা ভারতের। তিনি এও জানালেন, এই বিষয়ে উন্নতি করতে চাইছে টিম ইন্ডিয়া।
গোটা টুর্নামেন্টেই মোট ১৩টি ক্যাচ ফেলেছে ভারত। এর মধ্যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩টি। সহজ ক্যাচ ফেলেছেন অভিষেক শর্মা। ভারতের ক্যাচ মিসের হার বাকি দলগুলির থেকে সর্বাধিক। এই বিষয়েই চিন্তায় ভারত শিবির। মর্নি মর্কেল বলেন,”আমরা ফিল্ডিং নিয়ে একটু বেশিই চিন্তিত। প্রতি ম্যাচেই আমরা প্রায় ১৫-২০ রান বেশি দিচ্ছি। আমাদের এই বিষয়ে আরও উন্নতির দরকার।” তাঁর কথায়,”প্রতি ম্যাচ থেকেই আমরা কিছু না কিছু শেখার চেষ্টা করি। কিন্তু অতীতে কি হয়েছে, তাই নিয়ে আমরা ভাবতে চাই না। নতুন উদ্যম নিয়ে ঝাঁপাতে চাইছি আমরা। কাল ইংল্যান্ডকে হারাতে গেলে আমাদের আরও ভাল ক্রিকেট খেলতে হবে।” মর্কেল বলছেন, আগামীকাল পারফেক্ট ম্যাচ খেলার লক্ষ্যেই নামবে ভারত। তাঁর কথায়,”আমাদের দলের যে কেউ যে কোনও দিন পারফর্ম করে দেয়। আশা করছি আগামীকাল আমরা নিজেদের সেরাতা দিতে পারব।” সেমিফাইনালের পিচ আলাদা হতে পারে। এই মাঠেই ভারত মুখোমুখি হয়েছিল আমেরিকার। সেই পিচ আর এই পিচের তফাৎ আছে। বাইশ গজে বাউন্স ও গতি থাকার সম্ভাবনা রয়েছে। শোনা গেল, বল ব্যাটে ভাল আসবে। ঘাস রয়েছে পিচে। তবে ভারতের আসল চিন্তা শিশির। ভারত টসে হারলে নিঃসন্দেহে সূর্যকুমারদের প্রথমে ব্যাট করতে পাঠাবে ইংল্যান্ড। এই চিন্তা থেকেই বাঁচতে চান গৌতম- মর্কেলরা।
মর্কেল যতই নিশ্চিন্ত থাকুন না কেন, চিন্তায় থাকবেই ভারতীয় শিবির। গতিতে আর্চার, স্পিনে রশিদ – দুজনেই দুই ফলে ভারতকে বিদ্ধ করতে তৈরী। যাবতীয় বিপদ থেকে বাঁচতে ভারত একজনের দিকেই তাকিয়ে – সঞ্জু স্যামসন।