Nadia: মদ খাওয়ার জন্য ১০০ টাকা নিয়ে দুই আত্মীয়র বচসা, হরিণঘাটায় ভয়ঙ্কর ঘটনা - Bengali News | A man allegedly killed his relative during broil in Nadia - 24 Ghanta Bangla News
Home

Nadia: মদ খাওয়ার জন্য ১০০ টাকা নিয়ে দুই আত্মীয়র বচসা, হরিণঘাটায় ভয়ঙ্কর ঘটনা – Bengali News | A man allegedly killed his relative during broil in Nadia

মৃত যুবক (বাঁদিকে), কান্নায় ভেঙে পড়েছেন মৃতের স্ত্রী (ডানদিকে)Image Credit: TV9 Bangla

নদিয়া: মদ খাওয়ার ১০০ টাকা নিয়ে বচসা। আর সেই বচসা থেকেই এক যুবককে খুনের অভিযোগ উঠল আত্মীয়র বিরুদ্ধে। মাথায় বেলচা দিয়ে মেরে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাটি নদিয়ার হরিণঘাটার। মৃতের নাম সঞ্জীব দেবনাথ। অভিযুক্ত অসিত দেবনাথকে আটক করেছে পুলিশ।  

সঞ্জীব দেবনাথের বাড়ি হরিণঘাটা থানার নগরউখড়া মহাদেবপুর তালতলা পাড়ায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বাড়ির কাছেই একটি নার্সারির বাগানে বসেছিল মদের আসর। মদ কেনার ১০০ টাকা নিয়ে দুই আত্মীয়র মধ্যে বচসা শুরু হয়। বচসা ক্রমে হাতাহাতিতে রূপ নেয়। অভিযুক্ত অসিত একটি বেলচা দিয়ে সঞ্জীবের মাথায় আঘাত করে। গুরুতর আহত হন সঞ্জীব। প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে নিয়ে যান হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা সঞ্জীবকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে মহাদেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আসে। অভিযুক্তকে আটক করে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের বাড়িতে গিয়ে দেখা যায়, কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় পরিজনরা। ঘটনার সময় সেখানে ছিলেন মৃতের স্ত্রী শুক্লা দেবনাথ। তিনি জানান, অভিযুক্ত তাঁর ননদের দেওর। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়ে তিনি বলেন, “আমার স্বামীকে অসিত এসে বলে, চল মদ খাব। তখন আমার স্বামী ১০০ টাকা দেয়। তারপর অসিত বলে, আজকে মদ খাব না। আমার স্বামী তখন বলে, ১০০ টাকা ফেরত দে। সেই টাকা ফেরত দিতে অস্বীকার করে অসিত বলে, দোলে এই টাকায় ফূর্তি করব। এই নিয়ে বচসা বাধে। আমার স্বামীকে পিছন থেকে বেলচা দিয়ে মাথায় মারে।” তাঁর স্বামী ভিনরাজ্যে কাজ করতেন বলে জানালেন শুক্লা দেবনাথ। কয়েকদিন আগেই এসেছিলেন গ্রামে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু ১০০ টাকা নিয়ে বচসার জেরে এই ঘটনা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *