Humayun Kabir: হুমায়ুনের দলের নামই বদলে গেল, জুড়ল ‘আম’, কেন এই সিদ্ধান্ত? – Bengali News | Humayun Kabir’s party name change, it is now Aam Janata Unnayan Party
কলকাতা: মেরেকেটে আড়াই মাস হয়েছে নতুন দল গঠন করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে জনতা উন্নয়ন পার্টির ফেস্টুন, ব্যানারও দেখা যাচ্ছে। ভোটের আগে দলের সেই নামই বদল করতে হল হুমায়ুন কবীরকে। আর জনতা উন্নয়ন পার্টি (জেইউপি) থাকছে না ভরতপুরের বিধায়কের দলের নাম। ‘আম’ শব্দটি জুড়ল হুমায়ুনের দলের আগে। এখন তাঁর পার্টির নাম হল আম জনতা উন্নয়ন পার্টি। আর এই নামেই হুমায়ুনের দলের রেজিস্ট্রেশন মঞ্জুর করল নির্বাচন কমিশন। কিন্তু, কেন নাম বদল করতে হল হুমায়ুনের দলের?
গত বছর তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরই নতুন দল গঠনের কথা জানিয়েছিলেন হুমায়ুন। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারপর ২২ ডিসেম্বর বেলডাঙায় সভা করেন। সেখানেই নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। দলের নাম দেন উন্নতা উন্নয়ন পার্টি।
জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন করতে গিয়েই সমস্যায় পড়েন হুমায়ুন। হুমায়ুনের দলের রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তখন কমিশনের তরফে জানা যায়, ইতিমধ্যেই জনতা উন্নয়ন পার্টি নামে একটি রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। রহুল আমিন নামে একজন এই নামে কমিশনে দলের নাম রেজিস্ট্রেশন করেছেন। তারপরই হুমায়ুন তাঁর দলের নামের আগে ‘আম’ জুড়লেন। এখন থেকে তাঁর দলের নাম আম জনতা উন্নয়ন পার্টি। সংক্ষেপে এজেইউপি।
কমিশন সূত্রে খবর, রেজিস্ট্রেশন মঞ্জুরের পর হুমায়ুনকে এ বার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। ওই দল নিয়ে আপত্তি না থাকলে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেবে কমিশন। তার পরে প্রতীকের জন্য আবেদন করা যাবে। সবমিলিয়ে হুমায়ুনের দল রাজ্যজুড়ে যেসব ব্যানার, পোস্টার টাঙিয়েছিল, সেসব খুলে আবার নতুন করে দলের নাম জানিয়ে আমজনতার কাছে পৌঁছতে হবে।