Bomb Threat E-mail: গুজরাটের স্কুলে-আদালতে বোমা রাখার হুমকি মেল, বাংলা থেকে গ্রেফতার সৌরভ – Bengali News | Bomb threat e mail Bomb threats to Gujarat schools and courts, Sourav Biswas arrested from Bengal
বাঁ দিকে- ধৃত সৌরভ বিশ্বাসImage Credit: TV9 Bangla
কলকাতা: গুজরাটের আদালত ও স্কুলের বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগ। আর তাতে মিলল বাংলা যোগ। বাংলা থেকেই গ্রেফতার করা হয়েছে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে। ধৃত সৌরভকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে আহমেদাবাদ পুলিশ। কিছুদিন আগে রাজ্যেও একাধিক আদালত ও পোস্ট অফিস, এমনকি পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়ায়। সেখানেও ই-মেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়।
কলকাতা-সহ জেলার একাধিক আদালতে এই ধরনের ই-মেইল একই দিনে একই সময়ে পাঠানো হয়। তা নিয়ে যথেষ্ট আতঙ্ক ছড়ায়। পরে সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার জানিয়ে দেন, সেটি ভুয়ো ছিল। কিন্তু তার পরের দিনও আসানসোল-সহ আরও বেশ কয়েকটি আদালতে এই ধরনের ই-মেল আসে। ই-মেল আসে কলকাতার পাসপোর্ট অফিস-সহ পোষ্টঅফিসগুলিতেও। তাতেও কি এই সৌরভ বিশ্বাসের কোনও যোগ রয়েছে, তদন্তকারীরা সেটা খোঁজার চেষ্টা করছে।
আমেদাবাদ পুলিশের দাবি, দেশের বিভিন্ন জায়গাতেই হুমকি ই-মেল পাঠানোর ঘটনায় সৌরভের যোগ রয়েছে। কলকাতা সহ গোটা বাংলায় আদালত, পাসপোর্ট অফিসে সম্প্রতি যে হুমকি ই-মেল এসেছিল, সেই ঘটনায় সৌরভকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
তদন্তে জানা গিয়েছে, VPN ব্যবহার করে বিদেশের সার্ভারের মাধ্যমে গুজরাটে হুমকি ই-মেল পাঠানো হয়েছিল। গুজরাটে ৬ টি আদালতে ও এক ডজনের বেশি সরকারি ও বেসরকারি স্কুলে হুমকি মেল পাঠিয়েছে সৌরভ। অপরাধের ধরন অর্থাৎ মোডাস অপারেন্ডি একই থাকায় এ রাজ্যের ক্ষেত্রেও সৌরভের যোগ উড়িয়ে দিচ্ছে না পুলিশ।