Rahul Sinha : বাংলা থেকে রাজ্যসভার বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা – Bengali News | BJP nominate Rahul Sinha for Rajyasabha Candidate from West Bengal
কলকাতা : রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বাংলা থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মোট পাঁচটি আসন ফাঁকা রয়েছে। তার মধ্যে চারটি আসনে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে চমকে দিয়েছে তৃণমূল। বাকি একটি আসনে বিজেপি কাকে প্রার্থী করবে,সেই নিয়ে জল্পনা চলছিল। একাধিক নাম উঠে আসছিল। শেষপর্যন্ত রাহুল সিনহার নামই চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলা থেকে পঞ্চম আসনে রয়েছেন তিনি। এদিকে, সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ মোট ৬টি রাজ্যের রাজ্যসভার প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে রয়েছে বিহার, অসম, ছত্তীসগঢ়, হরিয়ানা, ওড়িশা ও বাংলা। বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়া বিহার থেকে বিজেপি প্রার্থী হিসেবে শিবেশ কুমারের নামও ঘোষণা করা হয়েছে। অসম থেকে প্রার্থী হচ্ছেন তেরাস গোয়ালা ও যোগেন মোহন। ছত্তীসগঢ় থেকে প্রার্থী হচ্ছেন লক্ষ্মী বর্মা। হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে সঞ্জয় ভাটিয়াকে। ওড়িশা থেকেও দু’জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মনমোহন সমল ও সুজিত কুমারকে প্রার্থী করা হয়েছে।
পশ্চিমবঙ্গের পাশে জ্বলজ্বল করছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম। প্রথমবার তিনজন বিজেপি সাংসদ পেতে চলেছে বাংলা। অনন্ত মহারাজ, শমীক ভট্টাচার্যের পর এবার রাজ্যসভায় যাচ্ছেন রাহুল সিনহা। বঙ্গবিজেপির পুরনো মুখ তিনি। এর আগে বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। এবার আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাহুল সিনহাকে।
প্রসঙ্গত, ১৬ মার্চ রাজ্যসভায় বাংলার ৫ আসনে নির্বাচন। পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। শাসকদলের তরফে প্রার্থী করা হয়েছে কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মেণকা গুরুস্বামী ও রাজীব কুমারকে। ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। বিশেষ করে চর্চা চলছে দু’টি নাম নিয়ে। মেণকা গুরুস্বামী ও রাজীব কুমার।
এদিকে, পাঁচ আসনের মধ্যে একটি আসন বিজেপির ঝুলিতে যাবে তা নিশ্চিত। তবে, এই আসন নিয়ে একাধিক নাম উঠে আসছিল। সেই তালিকায় রাহুল সিনহার পাশাপাশি মিঠুন চক্রবর্তী-সহ এক পদ্মশ্রী প্রাপক সঙ্গীতশিল্পীর নামও উঠে আসছিল। শেষপর্যন্ত রাহুল সিনহার নাম মনোনীত করল বিজেপি।