PM Narendra Modi: মধ্যপ্রাচ্যের একের পর এক দেশের নেতাদের সঙ্গে কথা, কী বার্তা দিলেন মোদী? – Bengali News | PM Narendra Modi talks to several countries:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমশ বাড়ছে। এই আবহে গত ৪৮ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের একের পর এক দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করা নিয়ে আলোচনা করলেন। ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাত নিয়ে এদিন বিবৃতি দিল বিদেশমন্ত্রকও।
কাতারের আমির এইচ.এইচ শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এদিন কথা বলেন মোদী। কাতারে হামলার নিন্দা করেন তিনি। একইসঙ্গে কাতারে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষিত রাখতে পদক্ষেপ করার জন্য হামাদ আল থানিকে ধন্যবাদ জানান তিনি। কাতার ছাড়াও ওমান এবং কুয়েতের নেতাদের সঙ্গেও এদিন কথা বলেন মোদী। ওমানের সুলতান হাইথম বিন তারিক এবং কুয়েতের যুবরাজ এইচ.এইচ শেখ সাবাহ-আল-খালেদ আল-হামাদ আল-মুবারক আল-সাবাহের সঙ্গে ফোনে কথা বলেন। এই দুই দেশে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। এই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা নিয়েও তাঁদের সঙ্গে আলোচনা করেন। সবমিলিয়ে গত ৪৮ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের ৮টি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। কাতার, ওমান এবং কুয়েত ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, ইজরায়েল, সৌদি আরব, জর্ডন, বাহরিনের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।
ইজরায়েল ও আমেরিকায় যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকে কার্যত জ্বলছে মধ্যপ্রাচ্য। পশ্চিম এশিয়ার একাধিক দেশে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করছে ইরান। এই অবস্থায় ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাত নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে সব পক্ষকে সংযত হওয়ার আবেদন জানিয়েছে। নাগরিকদের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলেছে বিদেশমন্ত্রক। একইসঙ্গে ওই বিবৃতিতে বিদেশমন্ত্রক বলেছে, আরব দেশগুলিতে কর্মসূত্রে প্রায় এক কোটি ভারতীয় থাকেন। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলের দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে ভারত। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত চায় এই সংঘাত দ্রুত বন্ধ হোক। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে জানিয়ে বিদেশমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।