PM Modi-Netaniyahu : রবিবার মধ্যরাতে নেতানিয়াহুকে ফোন মোদীর, কী বললেন ভারতের প্রধানমন্ত্রী ? - Bengali News | PM Narendra Modi had telephonic conversation with PM Benjamin Netanyahu amid middle east conflict - 24 Ghanta Bangla News
Home

PM Modi-Netaniyahu : রবিবার মধ্যরাতে নেতানিয়াহুকে ফোন মোদীর, কী বললেন ভারতের প্রধানমন্ত্রী ? – Bengali News | PM Narendra Modi had telephonic conversation with PM Benjamin Netanyahu amid middle east conflict

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-নেতানিয়াহু

নয়া দিল্লি : মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাতের আবহে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মধ্যরাতে দুই দেশের প্রধানের মধ্যে কথা হয়। যুদ্ধ পরিস্থিতি নিয়েই দু’জনের মধ্যে আলোচনা হয়। একইসঙ্গে ইজ়ারায়েলের প্রধানমন্ত্রীকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আবেদন জানিয়েছেন মোদী। শনিবার থেকেই জ্বলছে মধ্যপ্রাচ্য। ইরানের উপর হামলার তীব্রতা বাড়াচ্ছে ইজ়রায়েল-আমেরিকা। ইজ়রায়েলে প্রত্যাঘাত জারি রেখেছে ইরান। একের পর এক মার্কিন সেন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ফিরেই মন্ত্রিসভার জরুরি বৈঠকে বসেছিলেন মোদী। সূত্রের খবর বৈঠকের পরই নেতানিয়াহুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তিনি লেখেন,“সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি। সাধারণ নাগরিকদের নিরাপত্তাকেও যাতে অগ্রাধিকার দেওয়া হয়, সেই নিয়েও কথা হয়েছে।” তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করার বিষয়েও বেঞ্জামিনকে জানিয়েছেন তিনি। এদিকে, ইজ়রায়েলের বিদেশমন্ত্রীর জিডিওন সারের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

রবিবার রাতে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও কথা বলেছেন মোদী। হামলার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছি। আমিরশাহীর উপর হামলার তীব্র নিন্দা জানাই। যারা প্রাণ হারিয়েছেন এই হামলায়, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।” তাঁর আশ্বাস, কঠিন সময়ে ভারত পাশে আছে।

সম্প্রতি, ইজ়রায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানের সংসদের সর্বোচ্চ পুরস্কারও দেওয়া হয় তাঁকে। নেতানিয়াহুর সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনাও হয়। সেখান থেকে ভারতে ফেরার আগেই ইরানের উপর যৌথ হামলা চালায় আমেরিকা-ইজ়রায়েল। গোটা বিষয়টা নিয়ে বেশ চাপেই রয়েছে ভারত। এদিকে, হরমুজ প্রণালীও বন্ধ রয়েছে। তেল আমদানি কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এদিকে, গোটা পরিস্থিতি নিয়ে রবিবার দেশে ফিরেই মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বৈঠকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো থেকে তেল আমদানি-সহ একাধিক বিষয়ে বৈঠক হয়। তবে, জানা গিয়েছে, এখনই ইরান থেকে ভারতীয়দের উদ্ধারের বিষয়ে ভাবছে না কেন্দ্র। জানা গিয়েছে,পড়াশোনা ও কর্ম সূত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন ভারতীয় পড়ুয়ারা। সেক্ষেত্রে এত সংখ্যক পড়ুয়াকে উদ্ধার করা সহজ নয়। তবে, ভারতীয় দূতাবাসের সঙ্গে সবরকম যোগাযোগ রাখার বিষয়ে বলেছে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *