Kalna: সত্যিই কি ‘বাংলাদেশি’? কালনায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম বাদ যেতেই শোরগোল – Bengali News | Name of a TMC led gram panchayat head deleted in SIR final voter list in Kalna
কালনা: তিনি বাংলাদেশি বলে অভিযোগ তুলেছিল বিজেপি। শেষপর্যন্ত এসআইআর-র চূড়ান্ত ভোটার তালিকা বেরতেই শোরগোল। নাম বাদ পড়ল পূর্ব বর্ধমানের কালনার সেই গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডলের। এই নিয়ে প্রশ্ন করতে যেতেই সাংবাদিকের ফোন কাড়ার চেষ্টা করলেন তিনি। ছবি তুলতে বাধা দিলেন। তবে তোপ দাগতে ছাড়ল না গেরুয়া শিবির। তাদের দাবি, এসআইআর-র ফলে সত্য সামনে এল।
কালনা থানার হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে দেখা যায়, তাঁর নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে। এই নিয়ে তাঁর বক্তব্য জানতে বাড়ি যান টিভি৯ বাংলার প্রতিনিধি। গ্রাম পঞ্চায়েত প্রধান তখন বাড়িতে ছিলেন না। পরে রাস্তায় তাঁর দেখা পাওয়া যায়। তিনি বাড়ি ফিরছেন। প্রশ্ন করতেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। সংবাদমাধ্যম তাঁর ছবি তুলতে গেলে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপরই টোটো চেপে দ্রুত এলাকা ছাড়েন।
প্রসঙ্গত, বিজেপি অভিযোগ করেছিল, হাটকালনা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মণ্ডল বাংলাদেশি। তিনি অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে এদেশে এসে নথি বানিয়ে প্ৰধান হয়েছেন। সেই সময় এই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন প্রধান। তিনি বলেছিলেন, “আমি বাংলাদেশি নই। যে বা যারা অভিযোগ করেছে, তারা আগে প্রমাণ করুক, তারা এই দেশের।”
এদিন গ্রাম পঞ্চায়েত প্রধান নাম তালিকা থেকে বাদ যাওয়ার পর বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ বলেন, “হাটকালনা গ্রাম পঞ্চায়েত প্রধান বাংলাদেশি। তাঁর বিরুদ্ধে আমরা বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েছিলাম। সেটা যে সঠিক ছিল, আজকের এই লিস্ট তা প্রমাণ করছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা তাঁর প্রধানের পদ খারিজের বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব।”