Dubai: ভয়ঙ্কর পরিস্থিতি! হোটেলের রুমে আটকে শুভশ্রী, সঙ্গে ইউভান – Bengali News | Actress subhashree ganguly and son yuvaan are stuck in hotel room in Dubai, Raj in Kolkata
কলকাতা: উত্তেজনা বাড়ছিল বেশ কিছুদিন ধরেই। আর এবার আচমকা তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। মিসাইল হামলা থেকে বাদ যায়নি দুবাই। আচমকা হামলায় আতঙ্কিত বাসিন্দারা। ফাঁকা করে দেওয়া হচ্ছে রাস্তাঘাট। আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই যুদ্ধ পরিস্থিতিতেই আটকে পড়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী। ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে দুবাইতে গিয়ে বিপদে পড়েছেন তিনি।
আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। ইরানে হামলার পরই প্রত্যাঘাতে কাতার, কুয়েত, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে হামলা করা হয়েছে। এই সংঘাত আবহে ইরান, ইজরায়েল যেমন নিজেদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে, তেমনই দোহা ও দুবাই বিমানবন্দরেও শয়ে শয়ে বিমান ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শনিবার দুবাইতে পৌঁছেছেন অভিনেত্রী।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, ছেলে ইউভানের স্কুলে ৬-৭ দিনের ছুটি ছিল, তাই ইউভান মরুভূমি দেখতে দুবাই যেতে চেয়েছিল। শুভশ্রী একাই ছেলেকে নিয়ে দুবাই পাড়ি দেন। শনিবারই সেখানে পৌঁছেছেন তিনি। তারপরই সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।
রাজ জানিয়েছেন, আপাতত হোটেলে আছেন শুভশ্রী। বেরতে পারছেন না। সরকারের নির্দেশ মেনেই ভিতরে রয়েছেন তাঁরা। পরিস্থিতি স্থিতিশীল হলে তবেই ফিরবেন দেশে। রাজ আরও জানান, পরিস্থিতি আতঙ্কের হলেও, শুভশ্রী ও ইউভান ঠিকই আছেন। দুবাইতে তাঁদের অনেক বন্ধুবান্ধব আছেন, তাঁরাই শুভশ্রীদের খেয়াল রাখছেন।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার ১১টি দেশকে High Risk Zone ঘোষণা করে পূর্ব নির্ধারিত সব ফ্লাইটের রুট বদল করার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। নোটাম থাকার কারণে এই দেশের আকাশসীমা এড়িয়ে বিমানের রুট পুনর্ববিন্যাস করতে হবে বলে জানানো হয়েছে।