নায়িকার সঙ্গে পরকীয়া! ২৭ বছরের দাম্পত্যে ইতি টানতে আদালতে দক্ষিণী সুপারস্টারের স্ত্রী - Bengali News | Actor and tvk chief vijays wife files for divorce alleges affair with actor - 24 Ghanta Bangla News
Home

নায়িকার সঙ্গে পরকীয়া! ২৭ বছরের দাম্পত্যে ইতি টানতে আদালতে দক্ষিণী সুপারস্টারের স্ত্রী – Bengali News | Actor and tvk chief vijays wife files for divorce alleges affair with actor

Spread the love

দক্ষিণী সিনেমার মেগাস্টার তথা ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (TVK) প্রধান বিজয়ের সাজানো সংসারে ভাঙন। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম। ১৯৯৯ সালের অগস্টে গাঁটছড়া বাঁধা এই তারকা দম্পতির বিচ্ছেদের খবরে স্তম্ভিত তামিলনাড়ুসহ গোটা দেশের অনুরাগী মহল। দম্পতির দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্য শাশা।

আদালতে জমা দেওয়া পিটিশনে বিজয়ের বিরুদ্ধে পরকীয়া এবং মানসিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ এনেছেন সঙ্গীতা। ১৯৫৪ সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনের নির্দিষ্ট ধারায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

৪৮ বছর বয়সী সঙ্গীতা তাঁর আবেদনে দাবি করেছেন, ৫১ বছর বয়সী অভিনেতা বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত। পিটিশনে উল্লেখ করা তথ্য অনুযায়ী:

সঙ্গীতা জানান, ২০২১ সালে তিনি প্রথম জানতে পারেন যে বিজয় এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়া করছেন। বিজয় সেই সম্পর্ক ছিন্ন করার আশ্বাস দিলেও বাস্তবে তা ঘটেনি।

সঙ্গীতার অভিযোগ, বিজয় তাঁকে সামাজিক ও পেশাদার জীবন থেকে সরিয়ে রেখেছেন। উল্টে ওই অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্য অনুষ্ঠানে এবং বিদেশে ভ্রমণ করছেন। ওই অভিনেত্রী যখন সমাজমাধ্যমে বিজয়ের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করতেন, বিজয় তাতে কোনো আপত্তি না জানিয়ে মৌন সম্মতি দিতেন। এই ঘটনা সঙ্গীতা ও তাঁর সন্তানদের জন্য চরম অবমাননাকর হয়ে দাঁড়িয়েছে।

Break (1)

বিচ্ছেদের আবেদনে সঙ্গীতা আরও জানিয়েছেন যে, বিজয় তাঁকে আগে দেওয়া সমস্ত সুযোগ-সুবিধা কেড়ে নিয়েছেন। এমনকি তাঁর অবাধ চলাফেরার ওপর আর্থিক ও ব্যক্তিগত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ২০২৪ সালে বিজয়ের এই ‘অব্যাহত পরকীয়া’ ও সমাজমাধ্যমে তৈরি হওয়া বিতর্ক সঙ্গীতাকে তীব্র মানসিক যন্ত্রণার মুখে ঠেলে দিয়েছে। সঙ্গীতার কথায়, তাঁদের বিয়েটি এখন কেবল কাগজে-কলমে টিকে আছে, বাস্তবে এই সম্পর্ক পুনরুজ্জীবিত করা সম্ভব নয়।

বিশেষ বিবাহ আইনের ২৭(১)(এ) এবং ২৭(১)(ডি) ধারা অনুযায়ী ব্যভিচার (Adultery) ও নিষ্ঠুরতার (Cruelty) ভিত্তিতে এই ডিভোর্স পিটিশন দাখিল করা হয়েছে। বর্তমানে জেলা আদালতে মামলাটির শুনানি চলছে।

উল্লেখ্য, সঙ্গীতা ছিলেন বিজয়ের একনিষ্ঠ অনুরাগী। লণ্ডনের এক তামিল শিল্পপতির কন্যা সঙ্গীতার সঙ্গে বিজয়ের প্রেম ও পরিণয় ছিল সিনেমার গল্পের মতোই। ১৯৯৯ সালের ২৫ আগস্ট হিন্দু ও খ্রিস্টান— উভয় রীতি মেনেই ধুমধাম করে তাঁদের বিয়ে হয়েছিল। সেই রূপকথার সম্পর্কই এখন আদালতের চৌকাঠে দাঁড়িয়ে। বিজয় বা তাঁর দলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *