T20 World Cup : রান রেট নয়, এবার ভারতের চিন্তা স্রেফ 'জয়' ! - Bengali News | Indian team will reach world cup semifinal in this calculation - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup : রান রেট নয়, এবার ভারতের চিন্তা স্রেফ ‘জয়’ ! – Bengali News | Indian team will reach world cup semifinal in this calculation

Spread the love

কলকাতা : বেশি নয়, শুধু একমাস পিছিয়ে যান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ সিরিজ জয়ে টগবগ করে ফুটছে ভারত ব্রিগেড। ফর্মের তুঙ্গে অভিষেক থেকে সূর্য, তিলক থেকে অক্ষর। কাট টু, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় বিদায়ের অশনি সঙ্কেত ভারতের সামনে। রানের খরায় ভুগেছেন অভিষেক থেকে তিলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জুটেছে ৭৬ রানের বিশাল পরাজয়। এবার যেন নতুন করে ভাবার সময় এসেছে ভারতের কাছে।

এর আগে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল টানা ১৩ ম্যাচে অপরাজিত। আইসিসি প্রতিযোগিতায় টানা ১৭ ম্যাচ। ২০২৬ সালে গ্রুপ লিগে ৪ ম্যাচেই জিতে সুপার এইটে উঠেছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার যেন ভারতকে আবার শূন্য থেকে শুরু করতে বাধ্য করেছে। সূর্যের নেতৃত্বাধীন ভারত ৭৬ রানে হেরে পিছিয়ে পড়েছে রান রেটেও। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় একটু হলেও লড়াইতে রেখেছে ভারতকে। ভারতের শেষ ম্যাচ ১ মার্চ, রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায়। এই ম্যাচকে কার্যত কোয়ার্টার ফাইনাল হিসেবে ধরছে ক্রিকেটমহল। এই ম্যাচে যে দল জিতবে, সে শেষ চারে পৌঁছে যাবে। আগামী ম্যাচে ভারতকে জিততে হবে। দক্ষিণ আফ্রিকার শেষ খেলা জিম্বাবোয়ের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার কাছে এই ম্যাচ এখন কার্যত নিয়মরক্ষার। কারণ, তারা ৩ ম্যাচের মধ্যে ২ ম্যাচ জিতে গিয়েছে। ভারতের কাছে এই ম্যাচ ডু অর ডাই। যদি ভারত হেরে যায়, তাহলে ৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে শেষ চারে।

রবিবার ইডেনে লড়াই কার্যত ভারতীয় বোলার বনাম ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার। রবিবারের ওয়েস্ট ইন্ডিজ যে জিম্বাবোয়ে হবে, এটা মনে করার কোনও কারণ নেই। নিশ্চয়ই ভুলের পর ভুল করবেন না শেই হোপ, হেটমায়াররা। তবে জয়ের দিনেও রয়ে গেল সেই বোলিং নামক কাঁটা। ২৫৬ রান তুলেও মাত্র ৭২ রানের ব্যবধানে জয়। জিম্বাবোয়ে আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিন্তু সম্পূর্ণ আলাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *