সকালেও বিয়ে, বিকেলেও বিয়ে! একই দিনে দুবার কেন বিয়ে করছেন বিজয়-রশ্মিকা? – Bengali News | Vijay Deverakonda and Rashmika Mandanna Tie the Knot in a Royal Wedding at Udaipur
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ! দীর্ঘদিনের জল্পনা, লুকোচুরি আর অনুরাগীদের অন্তহীন অপেক্ষার অবসান ঘটিয়ে রূপোলি পর্দার ‘গীতা-গোবিন্দম’ জুটি বাঁধা পড়লেন এক সুতোয়। আজ, ২৬ ফেব্রুয়ারি ২০২৬-এর সকালে রাজস্থানের উদয়পুরের রাজকীয় আবহে সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণ ভারতীয় সিনেমার হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা।
উদয়পুরের বিলাসবহুল প্রাসাদে আজ সকাল থেকেই ছিল সাজ সাজ রব। ঠিক সকাল ১০টা ১০ মিনিটে হিন্দু বৈদিক রীতি মেনে বিজয় ও রশ্মিকা মালাবদল করেন। বৈদিক মন্ত্রোচ্চারণ আর ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের প্রথম পর্ব। বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তরুণ ভাস্কর এবং শিব নির্বাণের মতো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা।
তবে সেলিব্রেশন এখানেই শেষ নয়। সকালের হিন্দু বিয়ের পর আজ বিকেল সাড়ে ৪টেয় রশ্মিকার আদি বংশীয় অর্থাৎ ‘কোডভা’ (Kodava) রীতি অনুযায়ী আবারও বিয়ের অনুষ্ঠান হবে। কর্ণাটকের কুর্গ অঞ্চলের এই বিশেষ ঐতিহ্যে নবদম্পতিকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।
বিজয়-রশ্মিকার এই নতুন পথচলায় সামিল খোদ দেশের প্রধানমন্ত্রীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তারকা জুটিকে একটি চিঠির মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়েছেন, যা এই বিয়ের আভিজাত্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ ছবির সেটে প্রথম আলাপ। এরপর ‘ডিয়ার কমরেড’-এ তাঁদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিল গোটা ভারত। বারবার একসঙ্গে ছুটি কাটাতে গেলেও তাঁরা সংবাদমাধ্যমের কাছে নিজেদের সম্পর্ক নিয়ে একেবারেই মুখ খোলেননি! তবে বিয়ের পিঁড়িতে বসার আগে সব জল্পনা কাটিয়ে নিজেরাই ভক্তদের এই সুখবর দেন।
আপাতত অনুরাগীরা চাতক পাখির অপেক্ষায় রয়েছেন বিকেলের অনুষ্ঠানের পর দম্পতির প্রথম অফিসিয়াল ছবির দিকে। পর্দার সেই রোম্যান্টিক জুটি এখন চিরতরের জন্য একে অপরের জীবনসঙ্গী।