IND vs ZIM, T20 World Cup: অভিষেককে আপাতত বিশ্রামে পাঠানো উচিত, বলে দিলেন আর এক বিস্ফোরক ওপেনার! – Bengali News | Ex opener of india said abhishek sharma should take rest
কলকাতা : বিশ্বকাপে এসেছিলেন অনেক স্বপ্ন নিয়ে। ব়্যাঙ্কিংয়ে খাতায় ছিলেন বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার। পাওয়ার প্লে-তেই ধুন্ধুমার ব্যাটিং করেন। একাই কার্যত শেষ করে দিতে পারেন ম্যাচ। সেই তিনি কিনা চরম ব্যর্থ। বিশ্বকাপে একটি ম্যাচ খেলেননি। চার ম্যাচে মাত্র ১৫। যে রান আবার এসেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার আগের তিন ম্যাচেই শূন্য করে আউট হয়েছেন। এমন ফর্মে থাকলে স্বাভাবিক ভাবে আলোচনা হবে। তাই চলছে অভিষেক শর্মাকে নিয়ে।
২৫ বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বকাপের গ্রুপ পর্বে চূড়ান্ত ব্যর্থ। একটিও ম্যাচে রান করতে পারেননি। অথচ ঠিক এক মাস আগে ২৫ জানুয়ারি, নিউজিল্যান্ডের বোলারদের বিধ্বস্ত করে ভারত ১৫৪ রান তাড়া করে ১০ ওভারেই জিতে যায়। ২০ বলে অপরাজিত ৬৮ রান করেছিলেন অভিষেক। এর পরের ৬ ইনিংসে অভিষেকের নামের পাশে ৪টি শূন্য। ক্রিকেটে রাতারাতি চিত্র বদলে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার থেকে এখন তিনি চরম ব্যর্থ। অবশ্য একটি ইনিংসেই আবার সব কিছু বদলে দিতে পারে। কিন্তু যখন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা অনিশ্চিত তখন কি অভিষেককে খেলিয়ে ঝুঁকি নেবে ভারত?
বীরেন্দ্র শেওয়াগ তা মনে করেন না। নিজেও আক্রমণাত্মক ওপেনার ছিলেন। সেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, দলের ও অভিষেকের ভালোর জন্যই এখন তাঁকে বিশ্রাম দেওয়া উচিত। সঞ্জু স্যামসন, যিনি নামিবিয়ার বিরুদ্ধে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন, তাঁকে জিম্বাবোয়ে ম্যাচে সুযোগ দেওয়া উচিত।
ক্রিকবাজ-কে দেওয়া সাক্ষাৎকারে শেওয়াগ বলেছেন, “আমি যদি দলে থাকতাম, তাহলে অভিষেক শর্মাকে বিরতি দিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দিতাম। এই একমাত্র ম্যাচ যেখানে পরীক্ষা করা যায়, কারণ ভারত যদি হেরে যায়, তাহলে তারা বিদায় নেবে। এত গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্মের ভিত্তিতে সেরা একাদশ বেছে নেওয়া উচিত।”
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপজয়ী এই তারকার মতে, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রধান কোচ গৌতম গম্ভীর কৌশল ও দল নির্বাচনে মোটামুটি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। সমস্যা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে। অভিষেকের পাশাপাশি তিলক ভার্মাও ফর্মে নেই। আর সেই কারণেই ভারত শুরুতেই লড়াই থেকে পিছিয়ে পড়ছে।
শেওয়াগ আরও বলেন, “দল নির্বাচনে সমস্যা থাকতে পারে, কিন্তু কৌশল খারাপ ছিল না। সমস্যাটা হয়েছে পরিকল্পনা বাস্তবায়নে। সেই দিকটা আরও ভালো করতে হবে। অভিষেক, তিলক কেউই ভালো ফর্মে নেই। সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।”