T20 World Cup: পাকিস্তান নকআউটে উঠলে কলকাতা-আমেদাবাদের টিকিটের টাকা ফেরত দেবে ICC! - Bengali News | T20 world cup icc to refund tickets for kolkata and ahmedabad if pakistan reach the knockouts - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup: পাকিস্তান নকআউটে উঠলে কলকাতা-আমেদাবাদের টিকিটের টাকা ফেরত দেবে ICC! – Bengali News | T20 world cup icc to refund tickets for kolkata and ahmedabad if pakistan reach the knockouts

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু হতেই বড় ঘোষণা করল আইসিসি। জানানো হয়েছে, যদি পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে ওঠে, তাহলে কলকাতা ও আমেদাবাদে নির্ধারিত ম্যাচের জন্য যাঁরা টিকিট কেটে রেখেছেন, তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। একইভাবে, যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠে এবং ভারতের বিরুদ্ধে না খেলা হয়, সে ক্ষেত্রে প্রথম সেমিফাইনাল কলম্বোতে সরে যাবে। তখন কলকাতার ম্যাচের জন্য যাঁরা টিকিট কেটেছেন, তাও ফেরত পেয়ে যাবেন। মঙ্গলবার সন্ধে থেকে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম সেমিফাইনাল ৪ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল ৫ মার্চ এবং ফাইনাল ৮ মার্চ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে প্রথম সেমিফাইনালের ভেন্যু ‘ফ্লোটিং’ রাখা হয়েছে। ম্যাচটি হতে পারে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অথবা কলকাতার ইডেন গার্ডেন্সে।

আইসিসির তরফে জানানো হয়েছে, পাকিস্তান যদি শেষ চারে পৌঁছয় তাহলে তারা ৪ মার্চ প্রথম সেমিফাইনাল খেলবে কলম্বোতে। সে ক্ষেত্রে কলকাতায় সেমিফাইনাল হবে না। টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে। অন্যদিকে, পাকিস্তানের বদলে যদি সেমিফাইনালে ওঠে শ্রীলঙ্কা এবং তাদের প্রতিপক্ষ ভারত না হয়ে অন্য় দল হয়, তাও প্রথম সেমিফাইনাল কলম্বোতেই হবে। কেবলমাত্র পাকিস্তান বা শ্রীলঙ্কা দুই দলই যদি না উঠে সেমিতে, অথবা ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হলে, প্রথম সেমিফাইনালটি হবে কলকাতায়। ফাইনালের ক্ষেত্রেও সেই একই রকম শর্ত প্রযোজ্য। নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তা হলে ম্যাচ সরে যাবে কলম্বোতে। সে ক্ষেত্রে আমেদাবাদের ম্য়াচের জন্য যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের টাকাও সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।

আইসিসি আরও জানিয়েছে, যে ভেন্যুতে শেষ পর্যন্ত ম্যাচ না হবে, সেই ভেন্যুর জন্য কেনা সব টিকিটের অর্থ আইসিসির তরফ থেকে ফেরত দেওয়া হবে। সব টিকিট কেনা যাচ্ছে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিবেচনায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে টিকিট কাটার আগে সম্ভাব্য ভেন্যু পরিবর্তনের বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে সকল সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *