CM Mamata Banerjee: ‘জানি না ফাইনাল লিস্ট বেরলে কতজনের মানুষের নাম বাদ যাবে, কত মানুষ দুঃখ পাবেন’, বললেন মুখ্যমন্ত্রী – Bengali News | CM Mamata Banerjee once again raised question on SIR Kolkata
কলকাতা: জৈনদের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের একবার এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজেও বাঁচুন, সকলে বাঁচতে দিন বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এমনকী, গণতন্ত্র রক্ষার আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এসআইআর নিয়ে মুখ খোলা নতুন কোনও ঘটনা নয়। রাজনৈতিক মঞ্চের প্রচার হোক বা সরকারি কোনও অনুষ্ঠান সব জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মুখ খুলেছেন। এমনকী, এই ইস্যুতে সওয়াল করার জন্য নিজে পৌঁছে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত। আজ ভবানীপুরে চলছিল জৈনদের অনুষ্ঠান। সেখান থেকে ফের মমতা বলেন, “এসআইআর চলছে অনেকের নাম বাদ গেছে। গান্ধিজীর অহিংসার কথা মনে রাখুন। সত্যের জয় হোক। আমি না ধরলে এক কোটি ২০ লাখ নাম বাদ যেত।”
তাঁর সংযোজন, “আমি চাই গণতন্ত্র থাকুক। জানি না ফাইনাল লিস্ট বেরলে কত মানুষের নাম বাদ যাবে। কত মানুষ দুঃখ পাবেন।” মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইচ্ছাকৃত বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি না ধরলে এক কোটি ২০ লাখ নাম বাদ যেত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও এরা চুপিচুপি ছুপা রুস্তমের মতো কাজ করছে। এরা নাম বাদ দিতে চাইছে। আমার দেখার দরকার নেই কে কোন রাজনৈতিক দলের। আমার দেখার গণতন্ত্র যেন রক্ষা পায়।”
মমতার দাবি, আদালতেরও নির্দেশও অমান্য করা হয়েছে। তিনি বলেন, “আমি জানি না ২৮ তারিখ ভোটের তালিকা বেরনোর পরে যাঁদের নাম থাকবে না তাঁরা কী বলবেন। আমি তাই আজ মানস স্তম্ভের সামনে প্রার্থনা করলাম। জিও অউর জিনে দো। সত্যের জয় হোক। আমি আবার আসব মানুষের অধিকার সুরক্ষিত হলে।“