Bankura: সহায়ক মূল্যে ধান বেঁচতে গিয়েছিলেন, অতিরিক্ত পরিমাণ ধান বাদ যাওয়ায় বচসা, অসুস্থ হয়ে মৃত্যু – Bengali News | Bankura Went to sell paddy at subsidized price, complained about excess paddy being left behind, died of illness
বাঁকুড়া: সরকারি সহায়ক মূল্যে ধান কেনার সময় অতিরিক্ত পরিমাণ ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে কর্তৃপক্ষের সঙ্গে বচসার জেরে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ার তালডাংরায়। মৃত কৃষকের নাম লক্ষিন্দ্র ঘোষ। গতকাল রাতের এই ঘটনায় তুমুল ক্ষোভ ছড়িয়ে পড়ে চাষিদের মধ্যে। এরপরই সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে বিক্ষোভ দেখান শিবিরে বিক্ষোভ দেখান স্থানীয় কৃষকেরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার তালডাংরা ব্লকের চকশ্যামপুর গ্রামের সরকারি সহায়ক মূল্যে ধান কেনার শিবিরে ধান বিক্রি করতে হাজির হয়েছিলেন ভেল্যাড়া গ্রামের কৃষক লক্ষ্মীন্দ্র ঘোষ। লক্ষীন্দ্র ঘোষের পরিবারের দাবি, ওই শিবিরে কৃষকদের বিক্রয়যোগ্য ধান থেকে ইচ্ছেমতো ছলতা বাদ দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে ওই শিবিরে উপস্থিত আধিকারিক ও রাইস মিল মালিকের সঙ্গে লক্ষ্মীন্দ্র ঘোষ ও অন্যান্য কৃষকদের তর্ক বিতর্ক শুরু হয়। এই সময়ই আচমকা ওই শিবিরে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লক্ষ্মীন্দ্র ঘোষ।
তড়িঘড়ি পরিবারের লোকজন ও স্থানীয় কৃষকেরা লক্ষ্মীন্দ্র ঘোষকে তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই মৃতের পরিবার লক্ষীন্দ্র ঘোষের মৃত্যুর জন্য শিবিরের আধিকারিক ও রাইস মিল মালিকদের কাঠগোড়ায় তুলে তুমুল বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় তালডাংরা থানার পুলিশ। মৃতের পরিবারের দাবি, লক্ষ্মীন্দ্র ঘোষের বিক্রয়যোগ্য ধান কেনার ক্ষেত্রে কুইন্টাল পিছু ১২ কেজি ধান ছলতা বাবদ বাদ দেওয়া নিয়েই শিবিরের আধিকারিক ও রাইস মিল কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয়েছিল লক্ষ্মীন্দ্রের। আর তার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।