SIR in Bengal: 'আমরা প্রস্তুত, তবে নো SIR, নো ভোট', কমিশনকে কড়া বার্তা শমীকের - Bengali News | 'complete SIR process then announce date for election', BJP state President Samik Bhattacharya urges Election Commission of India - 24 Ghanta Bangla News
Home

SIR in Bengal: ‘আমরা প্রস্তুত, তবে নো SIR, নো ভোট’, কমিশনকে কড়া বার্তা শমীকের – Bengali News | ‘complete SIR process then announce date for election’, BJP state President Samik Bhattacharya urges Election Commission of India

Spread the love

কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য?Image Credit: TV9 Bangla

কলকাতা: গুজরাট, তামিলনাড়ু-সহ একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কিন্তু, ভোটমুখী বাংলায় এখনও এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে এখনও বহু আবেদন, অভিযোগপত্রের নিষ্পত্তি হয়নি। এই আবহে এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনকে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার তিনি বললেন, আগে সব আবেদনের নিষ্পত্তি করতে হবে। ভেজালমুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তারপর ভোট করাতে হবে। তিনি বলেন, “আমরা প্রস্তুত। কিন্তু, নো এসআইআর, নো ভোট।” এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারকেও নিশানা করেন রাজ্য বিজেপির সভাপতি।

তৃণমূলকে নিশানা করে শমীক বলেন, “অবিজেপি শাসিত রাজ্য কেরল ও তামিলনাড়ুতেও এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে। কোথাও কোনও সমস্যা হয়নি। ভাঙচুর হয়নি। যত সমস্যা বাংলায়। বিচারকরাও এখন আতঙ্কে।” এসআইআর সম্পূর্ণ করেই ভোটে যাওয়ার জানিয়ে তিনি বলেন, “আমরা ভোটের জন্য প্রস্তুত।
তবে এসআইআর শেষ করে তবেই ভোট করতে হবে। নো এসআইআর, নো ভোট। আমাদের যে ফ্রম সেভেন জমা দেওয়া হয়েছে, যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। সবগুলোকে গ্রহণ করতে হবে। শুধু আমাদের নয়, সব রাজনৈতিক দলের। তাতে যতদিন লাগে লাগুক।”

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের রাজ্যে আসার আহ্বান জানান রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, “জ্ঞানেশ কুমার এ রাজ্যে আসুন। মুর্শিদাবাদের ডোমকল আসুন। এ রাজ্যে কীভাবে হচ্ছে এসআইআর, সেটা চাক্ষুষ করার জন্য হলেও এখানে আসুন। নির্বাচন কমিশনের কাছে একটাই দাবি। শেষ অভিযোগপত্র পর্যন্ত শুনানি শেষ করতে হবে। সেটা যে কয়দিন লাগে, সেই ক’দিনে হোক।”

রাজ্য সরকারকে নিশানা করে শমীক বলেন, “প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গিয়েছে। যার উপর সুপ্রিম কোর্ট আস্থা রাখতে পারছে না। বিচারপতিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাম জমানার সকল দৃষ্টান্তকে ছাপিয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব ত্রুটিমুক্ত ভোটার তালিকা চূড়ান্ত করা। দেশের বিভিন্ন জায়গায় যদি এসআইআর নির্বিঘ্নে হতে পারে, তাহলে এ রাজ্যে কেন নয়?”

বিজেপির বিরুদ্ধে যখন ফর্ম সেভেন পূরণ করে মানুষকে হেনস্থার অভিযোগ তুলেছে শাসকদল, তখন পাল্টা তৃণমূলকে নিশানা করলেন শমীক। তিনি বলেন, “বিজেপির বিএলএ-২’র নামে ফর্ম সেভেন ফর্ম পূরণ করা হচ্ছে। সই নকল করা হচ্ছে। বয়স্ক মানুষদের এর জন্য শুনানিতে যেতে হচ্ছে। ৯০ শতাংশ ক্ষেত্রে এটা দেখা গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *