lovely Maitra, Arundhati: প্রার্থী ঘোষণার আগেই লাভলির নাম লেখা শুরু দেওয়ালে, জানাজানি হতেই চুন দিয়ে নামে প্রলেপ পড়ল – Bengali News | Lovely Mitra’s name was written on the wall before the candidate was announced, but as soon as it became known, it was covered with lime in Sonarpur
সোনারপুর: ভোট আসছে-আসছে সেই আবহ তৈরি হয়েছে। কিন্তু এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। ঘোষণা হয়নি প্রার্থীদের নাম। তবে তার আগেই আগেভাগে দেওয়াল লেখা শুরু হয়ে গেল। কথা হচ্ছে সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্রকে নিয়ে। প্রার্থী হিসাবে লেখা হল তাঁর নাম।
ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্রের নামেই দেওয়াল লিখন শুরু অতি উৎসাহী কর্মীদের। অরুন্ধতীকে লাভলী নামেই চেনে টেলি জগত। আর তাঁর নামে দেওয়াল লিখন শুরু হতেই ছড়িয়ে পড়ে ছবি। কীভাবে ঘোষণার আগেই প্রার্থীর নাম লেখা হল দেওয়ালে? প্রশ্ন উঠতেই মুছে ফেলা হল দেওয়াল। আবার পরে চুন দিয়ে সেই নামে প্রলেপ পড়ল। বিতর্ক এড়াতে মরিয়া লাভলি
টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল বিধায়ক বলেন, “এটা সম্পূর্ণ ভুল। এটা আগে লেখা ছিল। সেটাই চুন করে দেওয়াল লেখা হচ্ছে। তবে আমরা এটা জানি যে প্রার্থীর নাম ঘোষণার আগেই দেওয়াল কখনও লেখা যায় না। কারণ প্রার্থী কে হবে তা দল ঠিক করবে।” একা লাভলি নন, নিজের পুরনো কেন্দ্রে নিজেই নিজের নাম ঘোষণা করেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তবে সোজাসুজি নয়, কিছুটা ঘুরিয়ে। পূর্ব বর্ধমানে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম নিয়ে সিদ্দিকুল্লা শুনিয়েছেন মন্তেশ্বরে তিনিই প্রার্থী। দলের উপরেই কি ঘুরিয়ে চাপ তৈরির চেষ্টা? তিনি বলেন, “দেখলে ভাই কিছু করার নেই সাহেবের প্রার্থী পদ ফাইনাল।”