২০২১-এ কৌশানীকে হারিয়ে জিতেছিলেন মুকুল, শিবির বদলে খারাপ লাগে কৌশানীর? – Bengali News | Koushani Mukherjee talks about Mukul Roy
প্রয়াত হলেন রাজনীতিক মুকুল রায়। এক সময়ে সবুজ শিবিরে সেকেন্ড ইন কমান্ড ছিলেন এই নেতা। দিনভর মুকুলকে নিয়ে স্মৃতিচারণা চলবে আজ। লক্ষণীয় টলিউডের নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ২০২১-এর বিধানসভা নির্বাচনে লড়েছিলেন গেরুয়া শিবিরের হয়ে। সবুজ শিবিরে দীর্ঘদিনের আধিপত্য থাকলেও, এক সময়ে মুকুল দল বদল করেন। সবুজ শিবির টিকিট দিয়েছিল কৌশানীকে। গেরুয়া শিবির থেকে লড়েই অভিনেত্রীকে হারিয়ে দেন মুকুল।
কৌশানী সম্প্রতি এক সাক্ষাত্কারে TV9 বাংলাকে বলেন, ”আমি অত্যন্ত পোড় খাওয়া একজন নেতার বিরুদ্ধেই লড়েছিলাম। ভালো লড়াই করেছিলাম। এমন নয় যে আমি ট্রোল হয়েছিলাম ভোটে লড়াই করে। তবে এটা ঠিক, মানুষ কে জিতলেন, সেটাই মনে রাখেন। সেই হিসাবে ওটা আমার খারাপ সময়।”
গেরুয়া শিবিরের হয়ে মুকুল জেতার পর, তিনি আবার শিবির বদল করেন। সুবুজ শিবিরে তিনি ফেরার পর দলও তাঁকে গ্রহণ করে। সেই বিষয়টা কতটা খারাপ লেগেছিল কৌশানীর? TV9 বাংলার প্রশ্নের উত্তরে কৌশানী খোলসা করলেন, ”আমি ঘুম থেকে উঠতাম এটা ভেবে যে, একজনকে পরের ২৪ ঘণ্টা বিশ্বাস করতে পারব। কিন্তু ৪৮ ঘণ্টা হতে না হতে দেখতাম, কেউ পিছনে ছুরি মেরে দিয়েছে! এটা একটা বড় শিক্ষা হলো। যখন উনি এই দলে ফিরলেন, আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছিল। আমার বাবা-মায়ের সঙ্গে শেয়ার করেছিলাম যে, ‘এটা কী হল!’
পরে বাবা আমাকে বুঝিয়েছিলেন, ”এটাই তো পলিটিক্স। এটাই তোকে শিখতে হবে। এগুলো তোর উপর প্রভাব ফেললে হবে না। তারপর দেখলাম, বিভিন্ন লোক পর-পর শিবির বদল করছে। সোম-বুধ-শুক্র একটা শিবির, বাকিদিনগুলো অন্য শিবির। এটা খুবই স্বাভাবিক। যেমন ছবিতেও হয়। পরিচালক বললেন, আমাকে নিয়েই একটা গল্প ভেবেছেন। লুক সেট হল। তারপর দেখলাম, আমি ছবিটার থেকে বাদ পড়ে গিয়েছি!”