J&K Encounter: রবিবারে উপত্যকায় বিরাট এনকাউন্টার অভিযান, নিকেশ জইশ কম্যান্ডার সহ ২ জঙ্গি – Bengali News | 2 Terrorists Neutralized by Security Force in an Encounter in Jammu Kashmir
শ্রীনগর: রবিবারে উপত্যকায় বিরাট সেনা অভিযান। জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে নিকেশ করল দুই জঙ্গিকে। এখনও অভিযান জারি রয়েছে।
আজ সকালে জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় ছাতরু বেল্টে অপারেশন ত্রাসি-১ অভিযান শুরু হয়। সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান শুরু করে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে। গোয়েন্দা সূত্রে আগেই খবর মিলেছিল যে পার্বত্য এলাকায় মাটির তৈরি বাড়ির ভিতরে লুকিয়ে রয়েছে।
যৌথ বাহিনী পৌঁছতেই আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদের শীর্ষ নেতা বলেই জানা গিয়েছে।
সেনার তরফে জানানো হয়েছে, যারা দেশের শান্তিকে বিঘ্নিত করতে চায়, তাদের কোনওভাবে আশ্রয় দেওয়া হবে না। প্রসঙ্গত, গত এক মাসে প্রায় হাফ ডজন এনকাউন্টার হয়েছে ছাতরু জঙ্গলে।