Calcutta High Court: অসুস্থতা ছাড়া আগামী ৯ তারিখ অবধি কোনও ছুটি নয়, বিচারকদের ছুটি বাতিল কলকাতা হাইকোর্টের – Bengali News | Calcutta High Court cancels all leave of judges till 9th March except for illness
কলকাতা: SIR-এর কাজ এবার থেকে হবে বিচার বিভাগের তদারকিতে। সেই কারণে রাজ্যের সব বিচারকের ছুটি বাতিল করল কলকাতা হাইকোর্ট। অসুস্থতা ছাড়া কোনও বিচারক ছুটি নিতে পারবেন না, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন উচ্চ-আদালত। এসআইআর-এর শেষ পর্যায়ে কাজের বড় অংশ বিচার বিভাগের উপর দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই বিচারকদের ছুটি বাতিলের নির্দেশিকা হাইকোর্টের।
SIR-এর কাজের জন্য নিম্ন আদালতগুলির কাজ সুষ্ঠভাবে পরিচালনার জন্য জারি করা হয়েছে এই নির্দেশিকা। প্রত্যেক জেলা জজ, জেলা শাসক ও পুলিশ সুপারদের ডেকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ২৫০ জন বিচারকের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রত্যেক বিধানসভা ভিত্তিক একজন একজন করে জুডিশিয়াল অফিসার চেয়েছে কমিশন। আপাতত ২৫০ জুডিশিয়াল অফিসারের তালিকা হাইকোর্টের রেজিস্ট্রার পাঠিয়েছে কমিশনকে।
NDPS ও পকসো আদালতের একশো জন বিচারক ছাড়াও অন্যান্য মামলার ১৫০ জন বিচারকের নাম এই তালিকায় রয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আগামিকাল বৈঠক হবে। সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক এনকে মিশ্র, পুলিশের ডিজি, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার।
এখানে উল্লেখ্য, এসআইআর নিয়ে মামলা চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, “বিশেষ পরিস্থিতির জন্য ব্যতিক্রমী নির্দেশ।” তখনই তিনি বলেছিলেন, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজকে ‘জুডিশিয়াল অফিসার’ হিসেবে নিযুক্ত করার কথা। প্রধান বিচারপতি বলেন, “সব বিষয় জুডিশিয়াল অফিসাররা দেখবেন। সরকারি বাবুরা জুডিশিয়াল অফিসারদের কাজে সহযোগিতা করবেন না, এটা আমরা হতে দেব না। জুডিশিয়াল অফিসারদের অপমানিত হতে দেব না।”